চট্টগ্রাম, আগস্ট ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জের রূপসা ঘাটে যাওয়ার পথে অপরিশোধিত তেলবাহী লাইটারেজ জাহাজ সাইমা- ৩ শনিবার দুপুরে দক্ষিণ পূর্ব সন্দ্বীপের কাছে দুর্ঘটনায় পড়েছে।
খারাপ আবহাওয়ার কারণে হাইস্পিড নেভিগেশনের এই জাহাজটির ইঞ্জিন রুমে পানি ঢুকে তা বিকল হয়ে যায়। এটি সন্দ্বীপ উপকূলের এস এস বয়া থেকে দুই কিলোমিটার দূরে একটি চরে আটকে আছে বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন হাইস্পিড নেভিগেশনের অপারেশন নির্বাহী মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, সাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এক হাজার টন ক্রুড অয়েলবাহী লাইটারেজ জাহাজটির ইঞ্জিনরুমে পানি ঢুকে যায়। পরে চরে আটকা পড়ে জাহাজটি কাত হয়ে গেছে। ১৮ জন নাবিক এখনও জাহাজে অবস্থান করে এটি সচল করার চেষ্টা করছেন।
সাগরে ভাটা শুরু হলে জাহাজের ইঞ্জিনরুম থেকে পানি বের করে দিয়ে তা আবার সচল করা যাবে বলে আশা প্রকাশ করেন মোস্তাফিজুর রহমান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএনডি/১৬১২ ঘ.
bdnews24