ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাবা-মাসহ পরিবারের প্রায় সব সদস্য হারানোর ১৫ আগস্টে রোজা রাখবেন শেখ হাসিনা। বিশেষ কারাগারে বন্দিঅবস্থায় এভাবেই স্বজনদের আত্মার মাগফেরাত কামনায় আওয়ামী লীগ সভানেত্রী দিনটি পার করবেন বলে জানিয়েছেন কারাগারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
উপ-মহা কারা পরিদর্শক সামসুল হায়দার সিদ্দিকী মঙ্গলবার রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেখ হাসিনা ১৫ আগষ্ট রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আর সে অনুযায়ী তার জন্য সেহরি এবং ইফতারের ব্যবস্থা করা হয়েছে।"
এদিনে কারা কর্তৃপক্ষ শেখ হাসিনার সঙ্গে তার আত্মীয়দের দেখা করার বিশেষ সুযোগ দিচ্ছে বলে কারাসূত্র জানিয়েছে। বিকালে পরিবারের ৫ সদস্য বিশেষ কারাগারে গিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন।
সূত্র জানায়, গত শনিবার কয়েকজন আত্মীয় হাসিনার সঙ্গে দেখা করেছেন। কারাবিধি অনুযায়ী আগামী শনিবারের আর কারও তার সঙ্গে দেখা করার সুযোগ ছিল না। কিন্তু ১৫ আগস্টের কারণে বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএইচবি/০১১১ ঘ.
bdnews24