জামালপুর, আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক মতাদর্শ ভুলে সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন উপদেষ্টা তপন চৌধুরী।
তিনি রোববার জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সুধীজন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান।
তপন চৌধুরী ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, "সাধারণ মানুষের কথা চিন্তা করে কম লাভে এখন থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রি করতে হবে।"
বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট দ্রুত সংস্কার এবং গৃহ নির্মাণে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলেও আশ্বাস দেন উপদেষ্টা।
জেলা প্রশাসক আব্দুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন লেফটেন্যান্ট কর্নেল আবু হেনা মোস্তফা, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ চৌধুরী, জামালপুর পৌরসভার চেয়ারম্যান ওয়ারেছ আলী মামুন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম সিদ্দিকী, জামালপুর রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস প্রেসিডেন্ট সাইদুর রহমান খোকা, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল্লাহ, জেলা জাপার সভাপতি খন্দকার হাফিজুর রহমান, বাদশা, জামালপুর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান প্রমুখ।
তপন চৌধুরী পরে জামালপুরের ইসলামপুর উপজেলার উলিয়া ও দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০২৮ ঘ.
bdnews24