কুমিল্লা, আগস্ট ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার আমতলী এলাকায় দুই দল গ্রামবাসী ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে শনিবার সাত পুলিশ সদস্যসহ অর্ধশত আহত হয়েছেন।
পুলিশ জানায়, বিকাল তিনটার দিকে এক ডাকাতকে আটকের ঘটনাকে কেন্দ্র করে প্রথমে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ত্রিমুখী সংঘর্ষ বেধে যায়। ওই সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেশ কয়েকটি গাড়িও ভাংচুর হয়।
সংঘর্ষে আহতদের মধ্যে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মহাসড়ক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাও রয়েছেন।
কোতোয়ালি থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক রিতা সেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আমতলী গ্রামের কুখ্যাত ডাকাত ও ৩৫টি মামলার আসামি আবদুল মতিনকে গ্রামের একটি দল আটক করে একটি স্কুলে নিয়ে মারধর করে। ওই সময় আব্দুল মতিনের সহযোগীসহ আরেক দল গ্রামবাসী মতিনকে উদ্ধার করতে গেলে দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে কোতয়ালি থানা পুলিশ ও মহাসড়ক থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আবদুল মতিনসহ ছয় জনকে গ্রেপ্তার করে।
সংঘর্ষরত দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করলে উভয় পক্ষ পুলিশের প্রতি ইটপাটকেল ছোড়ে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা খোশ আহাম্মদ সাংবাদিকদের জানান, সংঘর্ষে কুমিল্লা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন কুমার সাহা, মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরি দেব নাথ, কনস্টেবল মন্নাফ, মো. নাসিরসহ সাত জন আহত হয়েছেন।
পুলিশের লাঠিচার্জ ও দুই দলের সংঘর্ষে আহতদের মধ্যে তাজু মেম্বার, জাকির, অহিদ, কালু, হালিম, আলমগীর, স্বপন, নুরুল ইসলাম নামে আট জনের নাম জানা গেছে।
এদের শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহত অনেকে গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে গ্রামবাসীরা জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৩৯ ঘ.
bdnews24