২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারুণ্য দিয়ে দুর্নীতি প্রতিরোধ করতে হবে : সভায় অভিমত

তরুণদের দুর্নীতিবিরোধী মূল্যবোধ নিজেদের মধ্যে ধারণ করতে হবে। তারপর নিজ নিজ ক্ষেত্র থেকে দুর্নীতিবিরোধী আন্দোলন এগিয়ে নিয়ে যেতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2007, 09:23 AM

Updated : 26 Aug 2022, 08:26 PM

ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- তরুণদের দুর্নীতিবিরোধী মূল্যবোধ নিজেদের মধ্যে ধারণ করতে হবে। তারপর নিজ নিজ ক্ষেত্র থেকে দুর্নীতিবিরোধী আন্দোলন এগিয়ে নিয়ে যেতে হবে। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত 'দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই'-শীর্ষক আলোচনাসভায় বক্তারা এসব কথা বলেন। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব নাগরিক অধিকার জোট এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। ট্য্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি) ও নাগরিক উদ্যোগ এতে সহযোগিতা করে। আলোচনাসভার সভাপতি টিআইবি'র ট্রাস্টি ও নাগরিক উদ্যোগের চেয়ারপারসন অধ্যাপক খান সারওয়ার মুরশিদ বলেন, সাহসী তরুণরা যদি একত্রিত হয়, তাহলে তাদের শক্তি দিয়ে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। তিনি বলেন, তরুণরা আপেক্ষিকভাবে বিশুদ্ধ। তারপরও তারা দুর্নীতির ছোঁয়া পায়নি, এমনটা বলা যাবেনা। তবু তারা সচেতন হলে দুর্নীতি প্রতিরোধে লিপ্ত হবে। আলোচনা সভার সঞ্চালক নাগরিক উদ্যোগ এর প্রধান নির্বাহী জাকির হোসেন বলেন, পরপর কয়েক বছর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলে সেটাকে দুর্যোগই বলতে হবে। এ দুর্যোগ থেকে উদ্ধার করে অর্থনীতিকে পুনর্গঠিত করতে হবে। মূল প্রবন্ধে টিআইবির অ্যাডভোকেসি অফিসার শামীম ইফতেখার বলেন, বেকারত্বহীন একটি সুন্দর ভবিষ্যতের জন্য চাই দুর্নীতিমুক্ত একটি বর্তমান। তরুণদের এ চাহিদা পূরণের জন্য এগিয়ে আসতে হবে তাদেরই। তিনি বলেন, তরুণদের সর্ব প্রথম দুর্নীতিবিরোধী মূল্যবোধ ধারণ করতে হবে, তারপর আন্দোলন। তরুণরা যার যার ক্ষেত্র থেকে এ আন্দোলন এগিয়ে নিতে পারে। মূল প্রবন্ধে টিআইবি পরিচালিত একটি জরিপের উদাহরণ দিয়ে বলা হয়, জরিপকৃত পরিবারগুলোর মধ্যে নিম্ন আয়ের পরিবারকে (যাদের বার্ষিক আয় ৭২ হাজার টাকার নিচে) আয়ের শতকরা ৯ দশমিক ৫২৯ ভাগ ঘুষ দেওয়ার জন্য ব্যয় করতে হয়। মধ্য আয়ের মানুষদের (যাদের বার্ষিক আয় ৭২ হাজার টাকা থেকে এক লাখ ৪০ হাজার টাকা) আয়ের শতকরা ৪ দশমিক ৫৬৯ ভাগ এবং উচ্চবিত্তদের (যাদের বার্ষিক আয় এক লাখ ৪০ হাজার টাকার বেশি) আয়ের শতকরা ২দশমিক ৩৮৪ ভাগ ঘুষ দেওয়ার কারণে অপব্যয় করতে হয়। আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন টিআইবি'র সিনিয়র অ্যাডভোকেসি অফিসার সাজ্জাদ হুসেইন, যুব নাগরিক অধিকার জোট এর জাতীয় যুব সমন্বয়ক মো. ফিরোজ আহম্মেদ, টিআইবি'র ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) কার্যক্রমের সদস্য শামসুল হক পলাশ প্রমুখ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইএম/এসকে/১৫১৭ ঘ.