চট্টগ্রাম, আগস্ট ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাতকানিয়া উপজেলায় শুক্রবার রাতে ডাকাতের হামলায় চার জন কমিউনিটি পুলিশ আহত হয়েছেন।
আহত হারুনুর রশীদ ও জিয়াবুল হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং মনির হোসেন ও আমিন শরীফ নামে অপর দুই জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত(ওসি) কর্মকর্তা মাহবুবুল ইসলাম। এদের মধ্যে হারুনুর রশীদ গুলিবিদ্ধ হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মীর্জাপাড়া গ্রামের তিনটি বাড়িতে হানা দেয় ১৫ থেকে ২০ জনের সশস্ত্র ডাকাত দল। ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসীদের চিৎকারে কমিউনিটি পুলিশ এগিয়ে আসলে ডাকাত দল তাদের ওপর হামলা চালায়।
ডাকাতরা ওই গ্রামের আহমেদ হোসেন, নজীর আহমদ ও মো. শুক্কুরের বাড়ি থেকে প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করে বলে স্থানীয়রা জানান।
ওসি মাহবুব জানান, ওই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/এমআই/১৩৪৪ ঘ.
bdnews24