জাবি প্রতিনিধি, সাভার, ১১ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের একটি হলের বাথরুম থেকে পুলিশ ১২টি তাজা বোমা উদ্ধার করেছে।
শুক্রবার গভীর রাতে কয়েকজন ছাত্র শহীদ সালাম বরকত হলের দুই তলার বাথরুমের ওপরে পলিথিনে মোড়ানো একটি সন্দেহজনক ব্যাগ দেখতে পায়। পরে হলের প্রভোস্ট অধ্যাপক শাহনেওয়াজ এবং প্রক্টর অধ্যাপক সৈয়দ মোঃ কামরুল আহসান এসে আশুলিয়া থানা পুলিশকে খবর দেন। পুলিশ এসে ব্যাগ থেকে বোমাগুলো উদ্ধার ও নিস্ক্রিয় করে।
এর পর পুলিশ রাত দেড়টা থেকে চারটা পর্যন্ত হলের অন্যান্য বাথরুম-টয়লেট ও বিভিন্ন কোনায় তল্লাশি চালায়। তবে তারা আর কোনো কিছু পায়নি।
বোমা উদ্ধারের ঘটনা সম্পর্কে হল প্রভোস্ট অধ্যাপক শাহনেওয়াজ বলেন, "মাঝে মধ্যে যারা সংঘর্ষে লিপ্ত হয় তারা বা জঙ্গিবাদী চক্র এটা করে থাকতে পারে"।
বিডিনিউজ ডটকম/প্রতিনিধি/এজে/এসকে/১০৩৩ ঘ.
bdnews24