রাজশাহী, আগস্ট ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিরোধপূর্ণ একটি বাড়ি দখলকে কেন্দ্র করে রাজশাহীর মোহনপুরের মতিহার গ্রামে শুক্রবার সকালে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল ১০টার দিকে মতিহার গ্রামের আওরঙ্গজেব, বেলাল হোসেন, সিরাজ সরকার ও তাদের ১৪/১৫ জন সহযোগী অস্ত্র, লাঠিসোঁটা ও বল্লম নিয়ে একই গ্রামের ইয়াসিন সরকারের বাড়ি দখলের জন্য হামলা চালায়। ওই সময় ইয়াসিন আলীর বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালানো হয় বলে বাড়ির লোকজন দাবি করেছে।
হামলায় আহত হন ইয়াসিন সরকার, তার ছেলে ওয়াজেদ (৩৫), পরিবারের সদস্য নাসিমা (২৫), সাবজাল (৩০), আফজাল (২৫), জালাল উদ্দিন (৩৫) ও শিরিন (২৪)।
পরে ইয়াসিন সরকারের লোকজন পাল্টা হামলা চালালে প্রতিপক্ষের ফিরোজ (২০), মুনসুর (৩০) ও আপেল (১৮) আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পোঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও মোহনপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
আহত আফজাল হোসেন বিডিনিউজ টুয়েন্টিফের ডটকমকে জানান, তাদের বাড়িটি নিয়ে আওরঙ্গজেবের সঙ্গে দীর্ঘদিন মামলা চলছে। তবে মামলায় এখনো রায় হয়নি।
শুক্রবার সকালে আওরঙ্গজেবের নেতৃত্বে সন্ত্রাসীরা বাড়ি দখলের জন্য ওই হামলা চালায় বলে তিনি জানান।
বিষয়টি নিয়ে আওরঙ্গজেবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আফজাল হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোরকে ডটকমকে জানান, "এ ঘটনায় এখন পর্যন্ত কোনও পক্ষ মামলা করেনি। মামলা হলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএইচবি/এমআই/১৮০৩ ঘ.
bdnews24