ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজি মামলার বিরুদ্ধে আইনি লড়াইয়ের বিষয়টি কেবল একজন ব্যক্তির মানবাধিকার কিংবা ন্যায়বিচারের জন্য লড়াই নয়। বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকারের প্রশ্নটিও এর সঙ্গে জড়িত বলে মনে করেন হাসিনার কৌঁসুলি ড. পায়াম আখাভান।
কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক ড. পায়াম আখাভান রুয়ান্ডায় গণহত্যা ও সাবেক যুগোশ্লাভিয়ায় যুদ্ধাপরাধীদের বিচারে কৌঁসুলি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইরানী বংশোদ্ভূত এই আইনজীবী জানান, শেখ হাসিনাকে মুক্ত করার জন্য আন্তর্জাতিক গোষ্ঠী, বিশেষ করে জাতিসংঘকে সম্পৃক্ত করতে কাজ করছেন তিনি। ইতোমধ্যে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত হাই কমিশনে হাসিনার মামলার বিস্তারিত পেশ করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম: শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে এগিয়ে এলেন কেন?
পায়াম আখাভান: এই মামলাগুলোর রায়ের সঙ্গে কেবল শেখ হাসিনার মুক্তি পাওয়া না পাওয়া বা তার মানবাধিকার রক্ষার বিষয়টিই জড়িত নয়। বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যতও এর সঙ্গে জড়িত। দেশটির অর্ন্তবর্তীকালীন সরকার অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির হাতে দায়িত্ব হস্তান্তরের লক্ষ্যে কার্যক্রম চালাচ্ছে। কিন্তু আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হতে পারবে কি না সেই প্রশ্নের সঙ্গে শেখ হাসিনার মামলার বিষয়টিও জড়িয়ে গেছে। আর এই সব দিক বিবেচনা করেই আমি শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ে শামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার কাছে এটা বাংলাদেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠারও লড়াই।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম: মামলার কাজে কবে নাগাদ ঢাকা যাচ্ছেন?
পায়াম আখাভান: আমার ঢাকা যাওয়ার বিষয়টি নির্ভর করবে বিচার আদালতে শেখ হাসিনার মামলার অগ্রগতির ওপর। এ মুহূর্তে বাংলাদেশের একদল দক্ষ ও অভিজ্ঞ আইনজীবী তার হয়ে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। তাদের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ রয়েছে। তেমন কোনো পরিস্থিতির সৃষ্টি হলে যথাসময়েই আমি ঢাকায় হাজির হব।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম: বাংলাদেশের বাস্তবতায় শেখ হাসিনা কি ন্যায় বিচার পাবেন?
পায়াম আখাভান: তার ন্যায় বিচার নিশ্চিত করতে আমি সাধ্যমতো চেষ্টা করে যাবো। একটা জিনিস মনে রাখবেন, জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বিভিন্ন কনভেনশনে স্বাক্ষর করেছে। কাজেই জাতিসংঘের বেঁধে দেওয়া ন্যায় বিচারের আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করতে এবং বিচার প্রক্রিয়াকে সব ধরনের প্রভাবের বাইরে রাখতে বাংলাদেশ সরকার অঙ্গীকারাবদ্ধ। সরকার যাতে সেই মানদণ্ড অনুসরণ করে সেজন্য আমি আন্তর্জাতিক জনমত তৈরির চেষ্টা করবো।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম: শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো দায়ের করা হয়েছে সেগুলোর বিষয়ে আপনার মন্তব্য কী?
পায়াম আখাভান: একটি চাঁদাবাজি মামলায় শেখ সেলিম যে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন সেটাই সরকারের হাতে শেখ হাসিনার বিরুদ্ধে একমাত্র প্রমাণ। অভিযোগ রয়েছে, প্রচণ্ড শারীরিক ও মানসিক নির্যাতনের মাধ্যমে শেখ সেলিমের কাছ থেকে ওই স্বীকারোক্তি আদায় করা হয়েছে। তা ছাড়া আটকাবস্থায় কোনো ব্যক্তির তথাকথিত জবানবন্দীর ভিত্তিতে জাতীয় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। ন্যায় বিচারের আন্তর্জাতিক মানদণ্ডও এই প্রক্রিয়াকে সমর্থন করে না।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম: বাংলাদেশের মানুষ ও সরকারের প্রতি আপনার কিছু বলার আছে?
পায়াম আখাভান: বাংলাদেশের সরকার ও জনগণকে আমি জানাতে চাই, আন্তর্জাতিক স
bdnews24