নীলফামারী, আগস্ট ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডি ইউনিয়নের বদি এলাকায় রোববার দুপুরে নাজমুল হক (৩৫) নামের এক কৃষকের গলাকাটা লাশ পেয়েছে পুলিশ।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শঙ্কর কুমার দাস বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, নাজমুল হক শনিবার বিকেলে পার্শ্ববর্তী জলঢাকা উপজেলার কৈমারী বাজারে গিয়েছিলেন বলে পরিবার জানায়। তার পর থেকেই তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। রোববার সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
তিনি জানান, লাশের হাত, পা ও মুখ বাঁধা ছিল। গায়ে কোনো কাপড় ছিল না। লাশটি ময়না তদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা শঙ্কর জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী মোতাহারা বেগম বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে এতে কাউকে আসামি করা হয়নি।
নাজমুল হক রণচন্ডি ইউনিয়নের বাফলা গ্রামের মৃত আলীমুদ্দিনের ছেলে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১৯৪৮ ঘ.
bdnews24