যশোর, আগস্ট ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ভেজাল সার উৎপাদনের অভিযোগে সদর উপজেলার চারটি কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় কারখানাগুলো থেকে ১০ লাখ টাকার সরঞ্জামসহ চার ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়।
যৌথবাহিনীর সহায়তায় বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে শুক্রবার বেলা আড়াইটা পর্যন্ত চালানো অভিযানে এ পদক্ষেপ নেওয়া হয় বলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম।
সদর উপজেলার সওয়াপাড়া ইউনিয়নের হাশিমপুর ও লেবুতলায় অবস্থিত এ কারখানাগুলো হল যমুনা এগ্রো, সোনালী এগ্রো, এএম এগ্রো ও এবি এগ্রো কেমিক্যাল লিমিটেড।
গ্রেপ্তারকৃতরা হলেন যমুনা এগ্রোর মালিক সামচ্ছুজ্জাহা, সোনালী এগ্রোর মালিক রেজাউল ইসলাম এবং দুই কারখানার দুই কর্মচারী ফয়সাল ও মিঠু।
দিদারুল আলম বলেন, "অভিযানের সময় কারখানাগুলো থেকে লাল মাটি, বালি, লবণ, টাইলসের গুঁড়া ও রংসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়। একই সঙ্গে ৮০ বস্তা ভেজাল সারও উদ্ধার করা হয়।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২১২৩ ঘ.
bdnews24