ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অবশেষে আইনের অমোঘ হাতুড়ি নেমে আসছে বহুল আলোচিত ও বিতর্কিত র্যাংগস ভবনের ওপর। রাজধানীর বিজয় সরণির ২২ তলা র্যাংগস ভবনের ৬০ ফুট রেখে ওপরের অননুমোদিত ১৬ তলা শুক্রবার সকাল থেকে ভেঙে ফেলার কাজ শুরু হচ্ছে।
বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্ট র্যাংগস ভবনের ৬ তলার ওপরের অংশকে অবৈধ ঘোষণা করে।
তেজগাঁও বিমান বন্দরের কাছাকাছি হওয়ায় ভবনটি বিমান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় আইনের দারস্থ হয় রাজউক।
এদিকে প্রস্তাবিত বিজয় সরণি থেকে তেজগাঁও-মহাখালী পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণের জন্য র্যাংগস ভবনের জায়গা অধিগ্রহণ করারও সিদ্ধান্ত ঘোষণা করেছে সরকার ।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) র্যাংগস ভবনের অবৈধ অংশ ভাঙার জন্য সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছে। এ কাজে সরকার সাড়ে চার শ' শ্রমিক-কর্মকর্তা-প্রকৌশলী-কর্মচারী নিয়োজিত করেছে।
এর আগে ভবনটির নকশা বাতিল অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের আপিল আংশিকভাবে মঞ্জুর করে সুপ্রিমকোর্ট। আদালত এ ভবনের নকশা সংশোধন করে ৬ তলা পর্যন্ত রাখা যাবে বলে রায় দিয়েছে। এর অর্থ ৬ তলার ওপর থেকে ২২ তলা পর্যন্ত ভেঙে ফেলতে হবে।
বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ সরকারের আপিলের ওপর দীর্ঘ পাঁচ দিন শুনানি গ্রহণ করে আপিলটি আংশিক মঞ্জুর করে রায় দেন। সকাল ৯টা ৪০ মিনিটে আপিল বিভাগ রায় দেওয়া শুরু করে ৫ মিনিটেই রায় প্রদান শেষ করেন।
বৃহস্পতিবার হাইকোর্টের রায় ঘোষণার পর র্যাংগস গ্র"পের কর্ণধার আব্দুর রউফ চৌধুরীর মালিকানাধীন ভবনটি ভেঙে ফেলার প্রস্তুতি শুরু করে রাজউক। বিকেলে মাইকিং করে ভবনের ৬ তলার ওপরের অংশের ভাড়াটে প্রতিষ্ঠানগুলোকে রাত ১২টার মধ্যে মালামাল সরিয়ে ফেলার অনুরোধ জানানো হয়। মাইকিংয়ে বলা হয়েছে, শুক্রবার সকাল ৭টা থেকেই অবৈধ তলাগুলো ভাঙার কাজ শুরু হবে। বৃহস্পতিবার দুপুর থেকে ভবনটির প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এ এস এম রশিদুল হাই সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''র্যাংগস ভবনের অবৈধ অংশ ভাঙার কাজ শুক্রবার সকাল থেকে শুরু হবে। যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। ভাঙার কাজে প্রায় ৪ শ শ্রমিক ও বিভিন্ন পর্যায়ের ৪০জন কর্মকর্তা নিয়োজিত থাকবে।''
এক প্রশ্নের জবাবে তিনি জানান, রাজউকের বিধান অনুযায়ী এ ভাঙার সকল ব্যয় র্যাংগস ভবনের মালিককে বহন করতে হবে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় ঘোষণার পরপরই র্যাংগস ভবন কর্তৃপক্ষ
দুপুর দেড়টায় সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় র্যাংগস ভবন কর্তৃপক্ষ আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন দায়ের করার জন্য রায়টি স্থগিতের আবেদন জানায়। এতে বলা হয় আপিল বিভাগের রায়ের নকল কপি পেলে রিভিউ আবেদন দায়ের করা হবে। সেই সময় পর্যন্ত রায় স্থগিতের আবেদন জানানো হয়।
কিন্তু বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত না বসায় রায় স্থগিত রাখার বিষয়ে র্যাংগস ভবনের আবেদনের ওপর শুনানি হয়নি। রোববার এ শুনানি হতে পারে।
র্যাংগস ভবনের কৌসুঁলি ব্যারিষ্টার মো. শাখাওয়াত হোসেন রায় স্থগিতের আবেদন দায়েরের বিষয়টি জানিয়ে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "যেহেতু রিভিউ আবেদন দায়েরের কথা বলে রায় স্থগিতের আবেদন জানানো হয়েছে তাই এর নিস্পত্তি না হওয়া পর্যন্ত ভবনের ছয় তলার ওপরের অংশ ভাঙার বিষয় স্থগিত থাকবে বলে আশা করছি।"
তবে ব্যারিস্টার শফিক আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে আইনি দিকটি ব্যাখা করে বলেন, "র্যাংগস ভবন ভেঙে ফেলতে আইনগত কোনো বাধা নেই। আপিল বিভাগ যে রায় দিয়েছে, এখনই তা কার্যকর করা যেতে পারে।"
এক প্রশ্নের জবাবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার শফিক বলেন, ''আপিল বিভাগের রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে আবেদন করা হলেও আদালত থেকে স্থগিতাদেশ দেওয়া হয়নি। যতক্ষণ পর্যন্ত স্থগিত আদেশ দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আপিল বিভাগের রায় কার্যকর থাকবে।''
গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা ব্যারিষ্টার মইনুল হোসেন সচিবালয়ে রায় ঘোষণার পর সাংবাদিকদের জানান, সড়ক নির্মাণের জন্য র্যাংগস ভবনের জায়গা অধিগ্রহণ করে নেবে সরকার । ভবনটির জন্য বিজয় সরণির পূর্বমুখী তেজগাঁও-মহাখালী পর্যন্ত সংযোগ সড়ক স
bdnews24