কুড়িগ্রাম, আগস্ট ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বুধবার কুড়িগ্রামের বন্যাদুর্গত এলাকা সফর করেন। সকাল ১১টায় তিনি হেলিকপ্টারযোগে উলিপুর উপজেলায় আসেন।
প্রধান উপদেষ্টা সড়কপথে হাতিয়া ইউনিয়নের অনন্তপুর বাগুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আশ্রিত বন্যার্তদের মাঝে উপস্থিত হন। এখানে আশ্রিত ২৭১টি পরিবারকে তিনি ১০ কেজি করে চাল, এক কেজি চিড়া এবং একটি করে লুঙ্গি ও শাড়ি বিতরণ করেন।
পরে তিনি ব্রহ্মপুত্র নদের ভাঙনে ক্ষতিগ্রস্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শন করেন। উপদেষ্টা তপন চৌধুরীসহ জেলার কর্মকর্তারা এসময় তার সঙ্গে ছিলেন।
ত্রাণ বিতরণ শেষে প্রধান উপদেষ্টা সাংবাদিকদের বলেন, কুড়িগ্রামে চাহিদা অনুযায়ী ত্রাণ সরবরাহ করা হচ্ছে। সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও এনজিওদের সমন্বয়ে উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলোর মাধ্যমে সমন্বিতভাবে কাজ চলছে।
বন্যার পানি নেমে যাওয়ার পর রোগের প্রাদুর্ভাব ও অন্যান্য দুর্ভোগ যেন না হয় সে জন্য কুড়িগ্রামে ৮৫টি মেডিকেল টিম কাজ শুরু করেছে বলে জানান প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, "বন্যায় ক্ষতিগ্রস্ত আমন চাষীরা যেন আবারও চাষ শুরু করতে পারে সে জন্য কৃষিবিভাগ ও সেনাবাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারা বীজ সংগ্রহ ও বীজতলা তৈরি করবে। প্রয়োজনে বীজ আমদানি করা হবে।"
ড. ফখরুদ্দীন কুড়িগ্রামে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত এবং বিভিন্ন বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প সম্পর্কে অনুসন্ধান করে শুকনো মৌসুমে কাজ শুরু করার আশ্বাস দেন।
তিনি বলেন, "বাঁধগুলো শক্তিশালী ও সুরক্ষিত করা হবে যাতে আগামী বছর বন্যায় ক্ষতি এত ব্যাপক না হয়।"
সরকারের পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, "সরকার আরও খাদ্য আমদানির উদ্যোগ নিয়েছে। কাজেই খাদ্য সঙ্কটের কোনও সম্ভাবনা নেই।"
পরে দুপুর ১২টার দিকে প্রধান উপদেষ্টা হেলিকপ্টারযোগে সিরাজগঞ্জের উদ্দেশে কুড়িগ্রাম ছাড়েন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এসকে/ ১৫৫৮ ঘ.
bdnews24