ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আলোচক প্রতিনিধিদলকে নিয়ে ঢাকা-কলকাতা রুটের পরীক্ষামূলক ট্রেন 'মৈত্রী' এক্সপ্রেস দেশে ফিরেছে। সন্ধ্যা ৭টা নাগাদ ট্রেনটি ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। এর আগে মৈত্রী সকাল ৭টায় কলকাতা ছেড়ে আসে।
মৈত্রীতে চড়ে বাংলাদেশ প্রতিনিধি দল দুইদিনের আলোচনা শেষে দেশে ফিরছেন। ট্রেনটি সীমান্ত পেরিয়ে পৌনে ১টার দিকে দর্শনা পৌঁছে এবং সোয়া ১টায় ঢাকার উদ্দেশ্যে দর্শনা স্টেশন ছেড়ে যায়।
রেলের অতিরিক্ত মহাপরিচালক কাজী আসাদুল্লাহ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন "আমরা ইতিমধ্যে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়েছি। সন্ধ্যা ৭টা নাগাদ ঢাকা পৌঁছতে পারবো বলে আশা করি।" ।
তিনি আরও বলেন, "দুই দেশের অবকাঠামোগত সুবিধা বাড়লে ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হবে বলে আলোচনায় সিদ্ধান্ত হয়েছে। তবে কবে ট্রেন চালু হবে সে বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে নির্ধারিত হবে।"
কাজী আসাদুল্লাহ জানান, মৈত্রী এক্সপ্রেস সপ্তাহের শনি এবং রোববার চলবে বলে আলোচনায় সিদ্ধান্ত হয়েছে। শনিবার ঢাকা থেকে একটি ট্রেন কলকাতার উদ্দেশ্যে ছেড়ে ংযাবে। আবার রোববার সেই ট্রেনটি কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। একইভাবে শনিবার কলকাতা থেকে একটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে এবং পরদিন রোববার কলকাতভর উদ্দেশ্যে ঢাকা ছাড়বে।
গত ২৯ জুলাই ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে বাংলাদেশের ৩৫ সদস্যের একটি প্রতিনিধিদলটি ঢাকা-কলকাতা সরাসরি ট্রেন সার্ভিস চালুর বিষয়ে আলোচনার জন্য কলকাতা যায়। ৩০ ও ৩১ জুলাই আলোচনা শেষে বুধবার সকালে তারা ঢাকার উদ্দেশ্যে কলকাতা ত্যাগ করেন।
এর আগে ৮ জুলাই ৩২ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল একই বিষয়ে আলোচনার জন্য ট্রেনে করে ঢাকায় এসেছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/জিএমএ/এসকে/ ১৪২২ ঘ.
bdnews24