ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী মঙ্গলবার ম্যানিলার আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী জন নেগ্রোপন্টের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বৈঠকে বিভিন্ন দ্বি-পক্ষীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের জানান, বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে ঘনিষ্ট সহযোগী হিসেবে বিবেচনা করে। তিনি বলেন, উন্নয়ন, সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রম ও মানবাধিকারসহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে কাজ করার আশা করে বাংলাদেশ।
উপদেষ্টা আরও বলেন, ২০০৮ এর নির্বাচনের রোডম্যাপ ও বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন প্রকল্প ও কার্যক্রমের বিষয়ে তিনি মার্কিন মন্ত্রীকে জানিয়েছেন।
নেগ্রোপন্টে এসময় বলেন, যুক্তরাষ্ট্র খুব কাছ থেকে বাংলাদেশের চলমান ঘটনাবলী পর্যবেক্ষণ করছে। তত্ত্বাবধায়ক সরকারের পরিকল্পনাগুলো 'জনসমর্থন' লাভ করেছে মন্তব্য করে তিনি নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবার ব্যাপারে আশাপ্রকাশ করেন।
আসিয়ান আন্তর্জাতিক ফোরামের অধিবেশনে যোগ দিতে তারা দু'জন ম্যানিলা গিয়েছেন।
ম্যানিলা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার পররাষ্ট্র উপদেষ্টা 'ট্রিটি অব অ্যামিটি অ্যান্ড কো-অপারেশন অব সাউথইস্ট এশিয়া' চুক্তিতে স্বাক্ষর করবেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এনএইচ/টিএইচ/এসকে /২১২৫ ঘ.
bdnews24