বগুড়া, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কারাগারে আটক বগুড়ার পৌর চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান ও জামায়াত নেতা ওয়ার্ড কমিশনার এরশাদুল বারীর বিরুদ্ধে ৪ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগে একটি মামলা হয়েছে।
সোমবার রাতে সদর থানায় সেউজগাড়ির নাজমুল হুদার স্ত্রী রওশনারা বেগম বাদী হয়ে মোট সাত জনকে আসামি করে মামলাটি দায়ের করেন বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান শামীম ইকবাল।
এজাহারে বলা হয়, এ মামলার বাদি অন্য এক ঘটনায় কমিশনার এরশাদুল বারীর বিরুদ্ধে একটি মামলা করেন। সে বিষয়ক বিরোধ নিষ্পত্তির কথা বলে পৌর চেয়ারম্যান মাহবুবর রহমান গত ২৭ জুলাই বিকেলে পৌর কার্যালয়ে বাদিকে ডেকে পাঠান। বাদি সেখানে গেলে এরশাদুল বারী, জহুরুল ইসলাম আমিন, মোছাদেকুর রহমানসহ ৭/৮ জন বাদিকে আগের মামলাটি তুলে নেওয়ার জন্য চাপ দেয় এবং তুলে না নেওয়া না হলে প্রাণনাশের হুমকি দেয়।
বাদি আরও অভিযোগ করেন, ওই সময় জহুরুল নগরে বাদির ১০ শতক জায়গায় করা বাড়িটি ১২ লাখ টাকায় কমিশনারের কাছে বিক্রি করে দিতে বলেন চেয়ারম্যান মাহবুবুর রহমান। একইসঙ্গে ১২ লাখ টাকার মধ্যে ৪ লাখ টাকা কমিশনার এরশাদ ও চেয়ারম্যান মাহবুবুর রহমান চাঁদা হিসেবে রেখে বাকি ৮ লাখ টাকা দেওয়া হবে বলে জানান চেয়ারম্যান।
পৌর চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমানকে ২৮ জুলাই পুলিশ গ্রেপ্তার করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৫৭ ঘ.
bdnews24