২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গভীর সমুদ্র বন্দর স্থাপন প্রকল্প স্থগিত

গভীর সমুদ্র বন্দর নির্মাণ পরিকল্পনা স্থগিত করেছে তত্ত্বাবধায়ক সরকার। সোমবার যোগাযোগ এবং নৌ পরিবহন উপদেষ্টা এম এ মতিন এই সিদ্ধান্ত জানিয়ে বলেছেন, সরকার বিপুল ব্যয়ের এই প্রকল্পের দরকার আছে বলে মনে করছে না। সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2007, 05:55 PM

Updated : 26 Aug 2022, 08:22 PM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গভীর সমুদ্র বন্দর নির্মাণ পরিকল্পনা স্থগিত করেছে তত্ত্বাবধায়ক সরকার। সোমবার যোগাযোগ এবং নৌ পরিবহন উপদেষ্টা এম এ মতিন এই সিদ্ধান্ত জানিয়ে বলেছেন, সরকার বিপুল ব্যয়ের এই প্রকল্পের দরকার আছে বলে মনে করছে না। সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন সরকার গত অক্টোবরে ক্ষমতা ত্যাগের কয়েকমাস আগে প্রকল্পটি হাতে নেয়। নৌ মন্ত্রণালয়ে সভাকক্ষে সোমবার মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির পর্যালোচনা বৈঠক শেষে নৌ মন্ত্রী সাংবাদিকদের বলেন, বন্দরগুলোর ওপর চাপ কমাতে সরকার অন্য পরিকল্পনা নিয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য ব্যয় ধরা হয়েছিল ৪২ হাজার কোটি টাকা। ২০৫৫ সালের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। এই বন্দরের জন্য প্রায় ১১ কিলোমিটার লম্বা জেটি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। নৌ পরিবহন উপদেষ্টা বলেন, "বর্তমানে যে বন্দরগুলো রয়েছে সেগুলোতে স্বাভাবিক গতিতে কাজ চলছে। আরও দুটি নতুন অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো (আইসিডি) স্থাপনের কাজ হাতে নেওয়া হয়েছে। গাজীপুরে বিরাশ্রম এবং কেরানীগঞ্জের পানগাঁওয়ের এই আইসিডি দুটি নির্মিত হলে বন্দরগুলোতে কন্টেইনারের চাপ অনেকটা কমে আসবে। এ কারণে সরকার এ মুহূর্তে গভীর সমুদ্র বন্দর স্থাপন করার প্রয়োজন রয়েছে বলে মনে করছে না।" বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে কক্সবাজারের সোনাদিয়া এবং কুতুবদিয়াকে গভীর সমুদ্র বন্দর স্থাপনের সম্ভাব্য স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এমএইচবি/২৩৪১ ঘ.