পাবনা, জুলাই ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের বাঘইল গ্রামে রোববার র্যাব-সন্ত্রাসী বন্দুকযুদ্ধে আবুল হোসেন নামে র্যাবের এক কর্মকর্তা মারাত্মক আহত হয়েছেন। ওই সময় ঘটনাস্থল থেকে তিন জনকে গ্রেপ্তার এবং কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয় বলে জানান র্যাব-১২ এর ক্যাম্প কমান্ডার মেজর আমজাদ হোসেন মিঠু।
তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, র্যাব-১ ঢাকার একটি দল ক্রেতা সেজে সকাল পৌনে ১১টার দিকে বাঘইল গ্রামে সংঘবদ্ধ একটি সন্ত্রাসী দলের কাছে অস্ত্র কিনতে যায়। ওই সময় সন্ত্রাসীরা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এক পর্যায়ে দুই পক্ষের বন্দুকযুদ্ধে আবুল হোসেন (৫২) গুলিবিদ্ধ হন।
তাকে প্রথমে পাবনা সদর হাসপাতাল এবং পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয় বলে আমজাদ হোসেন জানান।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে পান্না (৩২), হামিদ (৪০) ও শাহিন (২৫) নামে তিন জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় একটি রিভলবার, দুইটি নাইন এএম পিস্তল, একটি ওয়ান শুটার গান, পাঁচটি গুলি ও চারটি পিস্তলের ম্যাগজিন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২০২০ ঘ.
bdnews24