নওগাঁ, জুলাই ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জঙ্গিবাদে মদদদান ও চাঁদাবাজির অভিযোগে সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ ৩৭ জেএমবি সদস্যের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
রোববার নওগাঁর ৩নং ফৌজদারী আদালতে মামলাটি করেন আত্রাই উপজেলার বিশা গ্রামের মৃত রোকান আলীর ছেলে রমজান আলী। বিচারক তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
মামলার অন্য আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন আত্রাইয়ের জেএমবি ও বিএনপি নেতা আবুল হোসেন মাস্টার, আব্দুস সাত্তার, আটগ্রামের 'ক্যাম্প ইনচাজর্' হেমায়েত হোসেন হিমু, নজরুল ইসলাম প্রমুখ।
মামলার অভিযোগে বলা হয়, জেএমবি সন্ত্রাসীরা ২০০৪ সালের ২৭ মে বাড়িতে এসে বাদিকে না পেয়ে ঘরের দরজা-জানালা ভাংচুর করে। তারা বাদির স্ত্রীকে মারপিটও করে এবং তাকে ক্যাম্পে দেখা করতে বলে।
পরে আরেকদিন তারা বাদির বাড়িতে হামলা চালিয়ে তার স্ত্রীকে মারধর করে। এ সময় তারা একটি শ্যালো মেশিন, স্বর্ণালঙ্কার, ২২ বস্তা ধান ও পুকুরের ১৫ মণ মাছ লুট করে।
অভিযোগে আরও বলা হয়, একই দিন তারা গ্রামের জহুরুল ও তার ভাইয়ের বাড়িতেও লুটপাট চালায়। যাবার সময় ঘটনার সাক্ষী আব্দুল জলিল ও সাত্তারকে ধরে নিয়ে মারধর এবং ৪০ হাজার টাকা চাঁদা আদায় করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে ১৯৩৭ ঘ.
bdnews24