ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ডা. এএসএম মতিউর রহমান বলেছেন, গণমনস্তাত্বিক অসুস্থতা (ম্যাস হিস্টিরিয়া) কোনও রোগ বা অসুখ নয়। এর কোনও মৃত্যু ঝুঁকি ও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। আরেকজনকে দেখে সৃষ্ট ভীতি থেকে এরকমটা হয়।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) আয়োজনে গণমনস্তাত্বিক রোগের ওপর অনুষ্ঠিত সেমিনারে স্বাস্থ্য উপদেষ্টা এ কথা বলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. শাহজাহান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরও বক্তব্য রাখেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপিকা হোসনে আরা তাহমিনা, আইইডিসিআর'র পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান, পরিচালক (রোগনিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ এমএ ফায়েজ। এছাড়াও সেমিনারে বিভিন্ন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, বিভাগের পরিচালক ও জেলার সিভিল সার্জনরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, গণমনস্তাত্বিক রোগের বিষয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগ যথেষ্ট সচেতন। তারা আক্রান্ত এলাকায় যাচ্ছেন। আইইডিসিআর এর গবেষণায় প্রমাণ পাওয়া গেছে যে, এটা কোনও রোগ নয়। কিশোর-কিশোরীদের মধ্যে এর প্রবণতা বেশি। তীব্র মনো-সামাজিক চাপ এর জন্য দায়ি হতে পারে উল্লেখ করে স্বাস্থ্য উপদেষ্টা শিশু -কিশোরদের চাপমুক্ত রাখার চেষ্টা করতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানান ।
সংস্কার বিষয়ে তিনি বলেন, "স্বাস্থ্যখাতে ইতিমধ্যে আমরা অনেক সংস্কার করেছি। বেশ কিছু রদবদল করা হয়েছে।"
আইইডিসিআর এর পরিচালক মাহমুদুর রহমান বলেন, "আমরা গবেষণাগারে পরীক্ষা করে দেখেছি আক্রান্তদের রক্তে কোনও জটিলতা নেই। তাদের উপসর্গগুলো কোনও রকম রোগের সঙ্গে মিলছে না। এখন পর্যন্ত অনেকে আক্রান্ত হয়েছে কিন্তু কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। আক্রান্তরা খুব দ্রুত ভাল হয়ে যাচ্ছে। আক্রান্তের আগে এবং পরে পরীক্ষা করে দেখা গেছে ,এটা একটা মানসিক অসুস্থতা মাত্র।"
তিনি বলেন, " যারা আক্রান্ত হচ্ছে তারা মানসিকভাবে দূর্বল এবং পরিবারিক চাপসহ নানাধরনের চাপের মধ্যে রয়েছে। এছাড়া আবহাওয়াটাও এখন ভাল যাচ্ছে না।"
তিনি পরামর্শ দিয়ে বলেন, "সকালে অবশ্যই খেয়ে স্কুলে আসতে হবে। পানি খেতে হবে বেশি। পরিচ্ছন্ন থাকতে হবে। অন্যকে আক্রান্ত হতে দেখলে ভেঙে পড়লে চলবে না।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে ১৭২৮ ঘ.
bdnews24