ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঢাকা-কোলকাতা সরাসরি ট্রেন চালুর বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশের একটি প্রতিনিধিদল আগামী ২৯ জুলাই ঢাকা থেকে ট্রেনে কোলকাতা যাচ্ছেন।
বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয় জানায়, পরীক্ষামূলকভাবে চালানো এ ট্রেনে বাংলাদেশ সরকারের একটি ৩০ সদস্যের প্রতিনিধি দল কলকাতা যাবে। এ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এটিকেএম ইসমাইল।
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক কাজী আসাদ উল্লাহ বুধবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ৩০ জন প্রতিনিধির মধ্যে ১৪ জন রেল কর্মকর্তা থাকবেন। বাকীরা হবেন সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধি। কলকাতায় দুপক্ষের মধ্যে ট্রেন চালুর ক্ষেত্রে অনিষ্পন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
৩০ ও ৩১ জুলাই আলোচনা শেষে বাংলাদেশী প্রতিনিধিদের নিয়ে ট্রেনটি ১ আগস্ট ঢাকার উদ্দেশ্যে কলকাতা ত্যাগ করবে।
সরাসরি যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে আলোচনার জন্য গত ৮ জুলাই ভারতীয় একটি প্রতিনিধিদল কলকাতা থেকে ট্রেনযোগে ঢাকায় এসেছিলেন। তাদের সঙ্গে আলোচনার পর শিগগিরই বাংলাদেশী একটি পরীক্ষামূলক ট্রেনের কলকাতা যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়।
দুপক্ষের আলোচ্যসূচীর মধ্যে রয়েছে ট্রেন ও যাত্রী নিরাপত্তা এবং সীমান্ত এলাকায় প্রস্তাবিত কাঁটাতারের বেড়া নির্মাণ। বাংলাদেশ পক্ষ এ বেড়ার বিরোধিতা করে আসছে। পক্ষান্তরে ভারত বলেছে , চোরাচালান প্রতিরোধের জন্য এটি প্রয়োজন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/জিএমএ/এসকে ১৬৫৬ ঘ.
bdnews24