বরিশাল, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভোলার তজুমদ্দিন উপজেলার দক্ষিণ খাসেরহাট বাজারে মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডে ১২টি দোকান ভস্মীভূত হয়।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে দমকল বাহিনী। ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাদের অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে প্রশাসন বলছে, ক্ষয়ক্ষতির পরিমাণ ২৫ লাখ টাকা।
প্রত্যক্ষদর্শী এবং দমকল কর্মীদের উদ্ধৃতি দিয়ে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রবিউল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ১১টার দিকে কালামের ইলেকট্রনিক্সের দোকানে প্রথম আগুন লাগে। কয়েক মিনিটের মধ্যে তা আশপাশের ১১ দোকানকে গ্রাস করে।
খবর পেয়ে বোরহানউদ্দিন উপজেলা থেকে দমকল বাহিনীর কর্মীরা গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের সময় দোকানের মালামাল স্থানীয়রা লুট করে বলে ব্যবসায়ী রিয়াজ এবং কাসেম মাস্টার সাংবাদিকদের কাছে অভিযোগ কেেছন।
তবে লুটপাটের কথা অস্বীকার করে ওসি রবিউল বলেন, অগ্নিকাণ্ডের পরপরই আমি ঘটনাস্থলে যাই এবং আগুন নেভা পর্যন্ত সেখানে ছিলাম। এ ধরনের কোনও ঘটনা ঘটেনি।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ২৫ লাখ টাকা বলে জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪২২ ঘ.
bdnews24