২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফালুর স্ত্রীর বিরুদ্ধে কর ফাঁকির মামলা বিশেষ আদালতে

কর ফাঁকির অভিযোগে সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালুর স্ত্রী মাহবুবা সুলতানার বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়ের করা মামলা বিচারের জন্য বিশেষ জজ আদালত--১ এ পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2007, 02:04 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--কর ফাঁকির অভিযোগে সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালুর স্ত্রী মাহবুবা সুলতানার বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়ের করা মামলা বিচারের জন্য বিশেষ জজ আদালত--১ এ পাঠানো হয়েছে। সোমবার সন্ধ্যায় মামলাটি সংসদ ভবনের বিশেষ জজ আদালত--১ এর বিচারক মো. ফিরোজ আলমের আদালতে পাঠানো হয়। বুধবার মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। গত ৫ জুলাই ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি দায়েরের পর বিচারক মো. আজিজুল হক শুনানি শেষে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। জাতীয় রাজস্ব বোর্ড এর উপ-কমিশনার মো. মাসুদুর রহমান মাসুদ মামলাটি দায়ের করেন। মামলায় বলা হয়েছে, অভিযুক্ত মাহবুবা সুলতানা ২০০১-০২ থেকে ২০০৫-০৬ পর্যন্ত বিভিন্ন কর বর্ষে প্রতিবছর সম্পত্তি ও ব্যাংক বিবরণে মিথ্যা তথ্য দিয়েছেন। এতে আরো বলা হয়, তিনি আসবাবপত্র, মৎস্য, বাড়ি নির্মাণ, শেয়ার বিনিয়োগ, উৎসব ভাতা, স্থায়ী আমানত ইত্যাদি খাতের মিথ্যা তথ্য আয়কর বিভাগে জমা দিয়ে সর্বমোট ৬ কোটি ৩২ লাখ ২২ হাজার ৯৩২ টাকার আয় গোপন করেছেন। এছাড়া তিনি এই মিথ্যা তথ্য বিবরণীর মাধ্যমে উল্লিখিত আয়ের ওপর এক কোটি ৫৮ লাখ ৫ হাজার ৭৩৩ টাকা কর ফাঁকি দিয়েছেন। মামলায় ফালুর স্থায়ী ঠিকানা ৭৯৭, দক্ষিণ শাহজাহানপুরের ঠিকানায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। কিন্তু পুলিশ ওই ঠিকানায় গিয়ে কাউকে পায়নি। আর্জিতে বাদীসহ নয়জনকে সাক্ষী হিসেবে দেখানো হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে ২০০০ ঘ.