২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার কমিশনার হাফিজ পাঁচ দিন রিমান্ডে

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ১৭ নং ওয়ার্ড কমিশনার ও মহানগর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মো. হাফিজুর রহমান হাফিজকে পাঁচ দিন রিমান্ডে পাঠিয়েছে আদালত। হাফিজুর রহমানকে সোমবার রাতে নগরীর সোনাডাঙ্গায় তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2007, 12:15 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

খুলনা, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ১৭ নং ওয়ার্ড কমিশনার ও মহানগর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মো. হাফিজুর রহমান হাফিজকে পাঁচ দিন রিমান্ডে পাঠিয়েছে আদালত। হাফিজুর রহমানকে সোমবার রাতে নগরীর সোনাডাঙ্গায় তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে জরুরি ক্ষমতা বিধিমালায় গ্রেপ্তার দেখিয়ে খুলনা মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন জানান সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক শফিউল ইসলাম। তখন বিচারক শেফিনা বেগম পাঁচ দিন রিমান্ডের নির্দেশ দেন। হাফিজুর রহমানের সঙ্গে গ্রেপ্তার তার ভাগ্নে ও ব্যবসায়িক অংশীদার নজরুল ইসলামকেও পাঁচ দিন রিমান্ডে পাঠানো হয়েছে। শফিউল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ওয়ার্ড কমিশনার হাফিজের বিরুদ্ধে সম্পদের হিসাব না দেওয়া, চাদাঁবাজি, হত্যা, সন্ত্রাসীদের মদদ দান, সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগ রয়েছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হয়। সোমবার রাত দেড়টায় হাফিজ ও নজরুলকে যৌথবাহিনী গ্রেপ্তার করে। রাত সোয়া দশটা থেকে দেড়টা পর্যন্ত যৌথবাহিনীর সদস্যরা হাফিজের বাসায় তল্লাশি চালায়। তল্লাশিকালে দুটি পাসপোর্ট, বিভিন্ন ব্যাংকের একাধিক চেকবই, বিভিন্ন ব্যাক্তির সই করা ফাঁকা স্ট্যাম্প পেপার জব্দ করা হয়। ওয়ার্ড কমিশনার হাফিজ অপারেশন ক্লিন হার্টের সময়ও যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৮১৫ ঘ.