২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাসমিমা হোসেনের বিরুদ্ধে আরেকটি মামলা

সাবেক সাংসদ তাসমিমা হোসেনের বিরুদ্ধে জয়দেবপুর থানায় সরকারি জমি দখলের অভিযোগে একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2007, 07:29 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

গাজীপুর, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক সাংসদ তাসমিমা হোসেনের বিরুদ্ধে জয়দেবপুর থানায় সরকারি জমি দখলের অভিযোগে একটি মামলা হয়েছে। মানিকগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. ফিরোজ মিয়া ইকবাল বাদি হয়ে রোববার সন্ধ্যায় এজি টেক্সটাইলের সত্বাধিকারী তাসমিমা হোসেনের বিরুদ্ধে এ মামলা করেন। বাদি এজাহারে উল্লেখ করেন, গাজীপুর সদরের ছোট গোবিন্দপুরে সড়ক ও জনপথের জায়গা দখল করে এজি টেক্সটাইল মিলে যাতায়াতের প্রবেশ পথ, পাকা পিলারসহ লোহার গেট ও নিরাপত্তাকর্মীর জন্য পাকা ঘর নির্মাণ করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ ২০০৫ সালে ২৭ এপ্রিল ও ২০০৭ সালের ২২ জানুয়ারি দখল করা জমি ছেড়ে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নোটিশ প্রদান করে। চলতি বছরের ৩০ জানুয়ারি সকালে সওজ'এর কর্মকর্তা-কর্মচারীরা দখলকরা জমি উদ্ধার করতে গেলে আসামির নির্দেশে তার লোকজন বাধা দেয়। এর আগে গত ১৯ জুন পাক্ষিক অনন্যার সম্পাদক তাসমিমা হোসেনের বিরুদ্ধে সাভারে জমি দখলের অভিযোগে আশুলিয়া থানায় আরেকটি মামলা দায়ের করে সওজ। এদিকে সোমবার 'মানিক মিয়া পরিষদ'-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এজি টেক্সটাইল লিমিটেডের সামনে নিরাপত্তার জন্য একটা ছোট টং ঘর করেছে যৌথবাহিনী যা ভেঙ্গে ফেলা যেত। তা না করে তাসমিমা হোসেনের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, তাসমিমা হোসেন সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর স্ত্রী ও দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত তফাজ্জল হোসেন মানিক মিয়ার পুত্রবধূ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএইচবি/০১১৩ ঘ.