২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের গ্যাসের দিকে দৃষ্টি দেশের ব্যবসায়ীদের

ভারত যেখানে বাংলাদেশ থেকে গ্যাস কিনতে আগ্রহী সেখানে আমাদের ব্যবসায়ীরা মিয়ানমার থেকে গ্যাস আমদানির আগ্রহ দেখালে খানিকটা অদ্ভুত শোনানোরই কথা। কিন্তু বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য উন্নয়ন পরিষদের (বিএমবিপিসি) সভাপতি সৈয়দ মাহমুদুল হকসহ বেশ কিছু ব্যবসায়ী এ বিষয়ে দারুণ আগ্রহী। এ ব্যাপারে দুই দেশের সরকারের সঙ্গে যোগাযোগও করেছেন তারা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মাহমুদুল হক বলেন, "মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস আমদানির জন্য ব্যবসায়ীদের একটি কনসোর্টিয়াম মোটামুটি তৈরি হয়ে আছে। আর এজন্য দাতা দেশগুলোর পরামর্শ বা তাদের সাহায্যের জন্য তাকিয়ে থাকার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না।" সাক্ষাৎকারটি নিয়েছেন সিনিয়র প্রতিবেদক সাজ্জাদুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2007, 06:43 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভারত যেখানে বাংলাদেশ থেকে গ্যাস কিনতে আগ্রহী সেখানে আমাদের ব্যবসায়ীরা মিয়ানমার থেকে গ্যাস আমদানির আগ্রহ দেখালে খানিকটা অদ্ভুত শোনানোরই কথা। কিন্তু বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য উন্নয়ন পরিষদের (বিএমবিপিসি) সভাপতি সৈয়দ মাহমুদুল হকসহ বেশ কিছু ব্যবসায়ী এ বিষয়ে দারুণ আগ্রহী। এ ব্যাপারে দুই দেশের সরকারের সঙ্গে যোগাযোগও করেছেন তারা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মাহমুদুল হক বলেন, "মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস আমদানির জন্য ব্যবসায়ীদের একটি কনসোর্টিয়াম মোটামুটি তৈরি হয়ে আছে। আর এজন্য দাতা দেশগুলোর পরামর্শ বা তাদের সাহায্যের জন্য তাকিয়ে থাকার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না।" তিনি বলেন, "আমাদের দেশীয় গ্যাসকূপ গুলোর মজুদ ২০১১ সাল নাগাদ ফুরিয়ে যাবে। তখন আমাদের এমনিতেই বাইরের উৎসগুলো থেকে জ্বালানি সংগ্রহের কথা ভাবতে হবে।" বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন প্রদেশে গ্যাস মজুদের পরিমাণ ১৬ ট্রিলিয়ন ঘনফুট। ভারত ও চীন মিয়ানমারের ওই এলাকা থেকে গ্যাস কিনতে আগ্রহী। মাহমুদুল হক বলেন, "মিয়ানমার থেকে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস আনা গেলে প্রাথমিকভাবে সার উৎপাদনে তা কাজে লাগানো হবে। আর মিয়ানমারে জমি ইজারা নিয়ে চাষাবাদের বিষয়টি চূড়ান্ত হলে এই সার মিয়ানমারেই ব্যবহার করা যাবে। বাড়তি গ্যাস বিদ্যুৎ উৎপাদনেও ব্যবহার করা যেতে পারে।" চট্টগ্রামের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানিও (কাফকো) মিয়ানমার থেকে গ্যাস এনে সার উৎপাদনের প্রস্তাবে আগ্রহ দেখিয়েছে বলে জানান তিনি। বিএমবিপিসি সভাপতি বলেন, "মিয়ানমারের ৫০ হাজার একর জমি কৃষিকাজে ব্যবহারের জন্য বাংলাদেশি উদ্যোক্তাদের ইজারা দেওয়ার বিষয়ে দুই দেশের সরকারি পর্যায়ে আলোচনা চলছে। আমরা এর সঙ্গে গ্যাস আমদানির বিষয়টি যুক্ত করে একটি সমন্বিত প্রস্তাব মিয়ানমার সরকারকে দিতে চাই।" তিনি আরও বলেন, বাংলাদেশ আর মিয়ানমার শুধু প্রতিবেশী দেশই নয়, আমাদের সাংস্কৃতিক ও অর্থনৈতিক যোগাযোগও যথেষ্ট পুরনো। মিয়ানমারের আরাকান অঞ্চলটি এক সময় বাংলারই অংশ ছিল। চট্টগ্রাম-কক্সবাজার সড়কটি এখনো পর্যন্ত আরাকান সড়ক হিসেবেই পরিচিত। দু'দেশের মধ্যে প্রস্তাবিত সড়ক যোগাযোগের বিষয়ে হক বলেন ২৭ জুলাই নতুন চুক্তি স্বাক্ষরের পর শুধু বিদ্যমান পুরনো সড়ক সংস্কার করলেই চলবে। চুক্তিটি স্বাক্ষরের লক্ষ্যে মিয়ানমারের নির্মাণ বিষয়ক মন্ত্রী বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন চুক্তিটি স্বাক্ষরের মাধ্যমে দীর্ঘদিন ধরে চলে আসা আলোচনার সফল পরিসমাপ্তি ঘটবে এবং এর ফলে ১৫৩ কিমি দীর্ঘ সড়কটি নির্মাণের প্রথম পর্যায়ের কাজ শুরু হবে। প্রকল্পটিতে মোট ব্যয় হবে ৯৪৬ কোটি টাকা প্রথম পর্যায়ে ৪৩ কিমি সড়ক নির্মিত হবে । এর মধ্যে ২৩ কিমি হবে বাংলাদেশ অংশে রামু থেকে ঘুংধুম এবং ২০ কিমি হবে মিয়ানমার অংশের টুংব্রো থেকে বাউলি বাজার পর্যন্ত । প্রথম পর্যায়ে বাংলাদেশ ২৭৪ কোটি টাকা ব্যয়ভার বহন করতে সম্মত হয়েছে। মোট ১৫৩ কিমি প্রস্তাবিত সড়কের বাকি ১১০ কিমি নির্মিত হবে দ্বিতীয় পর্যায়ে । এতে ব্যয় হবে ৭৭০ কোটি টাকা। বাংলাদেশ প্রাচ্যমুখী নীতির দিকে ঝুঁকছে কিনা -এ প্রশ্নের জবাবে মাহমুদুল হক বলেন, "ঐতিহাসিকভাবেই আমাদের সঙ্গে প্রাচ্যের দেশগুলির সম্পর্ক রয়েছে যাতে ১৯৬০ এর দশকে ছেদ পড়ে।" তিনি বলেন, মিয়ানমার, থাইল্যান্ড, লাওস ও চীনের মতো পূবের দেশগুলোর সঙ্গে শক্তিশালী সম্পর্ক ছাড়া ক্রমবর্ধমান বৈশ্বিক প্রতিযোগিতায় আমরা টিকতে পারবো না। বাংলাদেশের বিশেষ করে ভারতসহ "অতিরিক্ত পশ্চিম নির্ভরতার" সমালোচনা করেন তিনি। বিএমবিপিসি চেয়ারম্যান বলেন, চীন ও ভারত গত ৭ থেকে ৮ বছরে মিয়ানমারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে লক্ষ্যণীয় অগ্রগতি করেছে। পক্ষান্তরে , দ্বিপক্ষীয় ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের জন্য ১৯৮৯ সাল থেকে ৩ টি সমঝোতা স্মারক সই করলেও বাংলাদেশ এ ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। আন্তরিকতার অভাবকেই এর জন্য দায়ী বলে চিহ্নিত করেন মাহমুদুল হক। ভারত তার উত্তর -পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে মিয়ানমারকে যুক্ত করার জন্য ইতিমধ্যেই ১৬০ কিমি সড়ক নির্মাণ করেছে। চীনও মিয়ানমারের সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপন করেছে । উল্লেখ্য, উভয় দেশই মিয়ানমারের সঙ্গে আলোচনা শুরু করেছে বাংলাদেশের পরে। বিএমবিপিসি চেয়ারম্যান বলেন, মিয়ানমারের আকার, অর্থনীতি,সংস্কৃতি ও নিরাপত্তা ইস্যুর বিবেচনায় ভারত ও চীনের তুলনায় বাংলাদেশের কিছু বাড়তি সুবিধা পাওয়া উচিত ছিল কারণ অনেক দিক থেকেই এ দুটি দেশ "খুব বড়"। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/ডব্লিউজেড/বিডি/জেকে/এসকে/এমএইচবি/০০৩৮ ঘ.