ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জ ও ভোলা জেলায় সোমবার পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, ঢাকা-শ্রীনগর-দোহা সড়কে শ্রীনগর উপজেলার বালাসুর নামক স্থানে সোমবার ঢাকাগামী "নগর পরিবহনের" যাত্রীবাহী বাস একটি রিকশাকে চাপা দিলে তিনজন নিহত হন।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনায় রিকশাচালক শাহ আলম (৫০), রিকশা আরোহী ওবায়দুর রহমান (৫০) ও দুলাল নামে তিনজন মারা যান। তারা সবাই শ্রীনগর উপজেলার কামারগাঁও গ্রামের বাসিন্দা।
বরিশাল প্রতিনিধি জানান, ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের পাকিস্তানের হাট এলাকায় সোমবার সকালে বাসের ধাক্কায় এনজিও কর্মকর্তা আমিনুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন।
আমিনুল ইসলাম উন্নয়ন সংস্থা আশা-র এরিয়া ম্যানেজার হিসেবে ভোলায় কর্মরত ছিলেন। তার বাড়ি বরিশাল নগরীর ব্রাঞ্চ রোড এলাকায়।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৮ টার দিকে আমিনুল ইসলাম মোটর সাইকেলে করে অফিসে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় আমিনুল ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ বাসটি আটক করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/এসকে ২০৫২ ঘ.
bdnews24