খুলনা, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খালিশপুরের শ্রমিকদের মাঝে গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘরে ঘরে গিয়ে শ্রমিকদের খুঁজছে বলে এখন শ্রমিক বস্তিগুলো পুরুষশূন্য হয়ে পড়েছে অভিযোগ করেছেন স্থানীয়রা।
ত্রাণ কার্যক্রমে সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবক শ্রমিকরা জানান, এ কাজে সহযোগিতা করায় পুলিশ তাদের হয়রানি করছে। বকেয়া মজুরির দাবিতে গত ১৭, ১৮ ও ১৯ এপ্রিল আন্দোলনের সময় দায়ের করা মামলায় গ্রেপ্তারের জন্যও তাদের খোঁজা হচ্ছে।
জাতীয় ত্রাণ কমিটির সদস্য আলমগীর কবির জানান, পুলিশের বাধা ও গ্রেপ্তারের ভয়ে গত শনিবার তারা কার্যক্রম বন্ধ করে দেন। কিন্তু শ্রমিকদের মাঝে এখনও গ্রেপ্তার আতঙ্ক রয়েছে।
তিনি বলেন, রোববার ত্রাণ কমিটির নেতারা খুলনা ছাড়ার আগে গোপনে ঘরে ঘরে গিয়ে চাল, ডাল, আলু, তেল ও পেঁয়াজ বিতরণ করেন।
আলমগীর কবির আরও জানান, কলেজে ভর্তি হওয়ার সামর্থ্য নেই এমন ৬৬ জন শিক্ষার্থীকে ত্রাণ কমিটি নগরীর হাজী মুহসীন কলেজ, ভাসানী বিদ্যাপীঠ, পলিটেকনিক ইনস্টিটিউট ও দৌলতপুর দিবা-নৈশ কলেজে ভর্তির ব্যবস্থা করেছে।
এ ব্যাপারে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজম খান বলেন, পুলিশের সঙ্গে শ্রমিকদেরে সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়েছে। ওই মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। অবশ্য লঙ্গরখানা বন্ধ করার অভিযোগ তিনি অস্বীকার করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২০০৬ ঘ.
bdnews24