ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারের জমিতে চুক্তিভিত্তিক চাষাবাদের বিষয়ে সেদেশের প্রতিনিধিদলের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন।
এ ব্যাপারে আরো আলোচনার জন্য আগামী সপ্তাহে বাংলাদেশের একটি বেসরকারি প্রতিনিধি দল মিয়ানমার যাবে।
সোমবার রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় মিয়ানমারের উপপররাষ্ট্রমন্ত্রী ইউ কিয়াও থু এর নেতৃত্বাধীন চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে পররাষ্ট্র কর্মকর্তাদের বৈঠকের পর সচিব সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, "মিয়ানমারের রাখাইন প্রদেশের চাষযোগ্য জমি বাংলাদেশিদের ইজারা দেওয়ার ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে সেদেশের প্রতিনিধিরা।"
পরে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী এক বিবৃতিতে বলেন, "গত এপ্রিলে মিয়ানমার সফরকালে আমি বেশ কিছু দ্বিপক্ষীয় ইস্যুতে আলোচনা শুরু করেছিলাম। আর মিয়ানমারের প্রতিনিধিদলের সঙ্গে আজকের বৈঠকে এসব বিষয়ের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে দুই দেশের বাণিজ্য, রোহিঙ্গা শরণার্থী সমস্যাসহ মিয়ানমারে জমি ইজারা নিয়ে চাষাবাদের বিষয়টিও রয়েছে।"
ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন জানান, সভায় মিয়ানমার থেকে গ্যাস আমদানির বিষয়েও আলোচনা হয়েছে।
তিনি আরো জানান, টেকনাফ সীমান্ত থেকে বাউলি বাজার পর্যন্ত ২৩ কিলোমিটার সড়ক নির্মাণের বিষয়ে চুক্তি করার জন্য মিয়ানমারের পূর্তমন্ত্রী ২৬ জুলাই ঢাকা আসবেন। ২৭ জুলাই ওই চুক্তি হবে।
রোহিঙ্গা শরণার্থীদের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র সচিব জানান, বর্তমানে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গারা সেদেশে ফিরে যেতে চায় না। তাই তাদের রাজি করানোর চেষ্টা চলছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/জেকে/জিএনএ/১৬৫৬ ঘ.
bdnews24