বরিশাল, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- টিঅ্যান্ডটির কোটি টাকার রাজস্ব ফাঁকির মামলায় সিটি মেয়র মজিবর রহমান সরোয়ারের ছোট ভাই মিজানুর রহমান অহিদসহ সাতজনকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুনিম হাসান সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
কারাদণ্ড পাওয়া অন্য ছয়জন হলেন, নগরীর রোমান্স টেলিকমের মালিক মিজানুর রহমান তালুকদার, তার ছোট ভাই মামুন তালুকদার, অপু ইসলাম, লিটন মালাকার, মনির হোসেন ও আনোয়ার হোসেন জুয়েল।
এদের মধ্যে মিজানুর রহমান তালুকদার ও মামুন তালুকদার ছাড়া বাকিরা এখন পলাতক।
মামলার বিবরণে জানা গেছে, ২০০২ সালের ২৩ এপ্রিল রোমান্স টেলিকমের মালিক মিজানুর রহমান তালুকদার ও তার ভাই মামুন রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং প্রকৌশলীদের হত্যার হুমকি দিয়ে ১২ টি টেলিফোন সংযোগ নেন।
এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে ও প্রায় কোটি টাকা বকেয়া টেলিফোন বিল আদায়ের জন্য টিঅ্যান্ডটি এর বিভাগীয় প্রকৌশলী সুভাষ চন্দ্র রায় চলতি বছরের ১৩ মার্চ দু'জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক মাহমুদ ৩ মে মোট দশ জনকে আসামি করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দেন।
সোমবার বিচারক দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় সাতজনের সবাইকে পাঁচ বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের এবং ৩৩২ ধারায় তিন বছরের কারাদণ্ড দিয়েছেন।
রায়ে তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয়। এরা হলেন, ওয়ার্ড কমিশনার মেশাররফ হোসেন বাদশা, সানজিদা আখতার ও মাহবুব মোল্লা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৬৪৭ ঘ.
bdnews24