বরিশাল, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের পাকিস্তানের হাট এলাকায় সোমবার সকালে বাসের ধাক্কায় বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা আমিনুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন।
আমিনুল ইসলাম উন্নয়ন সংস্থা আশা'র এরিয়া ম্যানেজার হিসেবে ভোলায় কর্মরত ছিলেন। তার বাড়ি বরিশাল নগরীর ব্রাঞ্চ রোড এলাকায়।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৮ টার দিকে আমিনুল ইসলাম মটর সাইকেলে করে অফিসে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ইয়া লতিফ নামের একটি বাস তার মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় আমিনুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ বাসটি আটক করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি
bdnews24