ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কয়েকদিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে অধিকাংশ নদ-নদীর পানি বেড়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, পাঁচটি নদীর সাতটি পয়েন্টে পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
কেন্দ্র জানিয়েছে, পদ্মার গোয়ালন্দ পয়েন্টে পানি বিপদ সীমার এক সেন্টিমিটার ওপর দিয়ে, সুরমার কানাইঘাট পয়েন্টে সাত সেন্টিমিটার, সুরমার সুনামগঞ্জ পয়েন্টে নয় সেন্টিমিটার, সোমেশ্বরীর দূর্গাপুর পয়েন্টে ১৯ সেন্টিমিটার, গোমতীর কুমিল্লা পয়েন্টে ১৩৫ সেন্টিমিটার, ও গোমতীর দেবীদ্বার পয়েন্টে ১৭৬ সেন্টিমিটার ও মহুরী নদীর পরশুরাম পয়েন্টে বিপদ সীমার ৩৯ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, পদ্মার গোয়ালন্দ পয়েন্টে পানির উচ্চতা আরো ছয় সেন্টিমিটার এবং সুরমার সুনামগঞ্জ পয়েন্টে পাঁচ সেন্টিমিটার বাড়তে পারে। এছাড়া যমুনার আরিচা পয়েন্ট, পদ্মার ভাগ্যকূল ও মেঘনার ভৈরব বাজারে পানির উচ্চতা বাড়তে পারে বলেও সতর্ক করেছে কেন্দ্র। অবশ্য এসব পয়েন্টে পানির প্রবাহ বিপদ সীমার নিচে থাকবে।
এদিকে রোববার রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণ হলেও সোমবার পরিস্থিতি উন্নতি হয়েছে। সোমবার বেলা ৩টা পর্যন্ত রাজধানীর আকাশ রয়েছে মেঘমুক্ত। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানায়, কুমিল্লা ছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতিরও উন্নতি হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর অবশ্য জানিয়েছে, সোমবারও দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে তাপমাত্রাও অপরিবর্তিত থাকবে।
আবহওয়া অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তা গোলাম মোস্তফা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সোমবার রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ থেমে থেমে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণও হতে পারে।
আবহাওয়া অফিস আরো বলছে, বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে রোববার সন্ধ্যা ছয়টা থেকে সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মাইজদীকোর্টে ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চট্টগ্রামে ২২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ২৫ দশমিক ৭ এবং সর্বনিম্ন ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
ফেনী প্রতিনিধি জানান, জেলার ফুলগাজী, পরশুরামের পর এবার ছাগলনাইয়া প্লাবিত হয়েছে। ছাগলনাইয়া পৌরসভার একাংশ, রাধানগর ইউনিয়ন, মোহামায়া, শুভপুর ও ঘোপাল ইউনিয়নের উত্তর কুহুমা, দক্ষিণ কুহুমা, উত্তর পানুয়া, কাশিপুর, বাথানিয়া, কাতালিয়াসহ বিভিন্ন গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান জানান, দুর্গত এলাকায় শুকনো খাবার বিতরণ চলছে।
এদিকে ফুলগাজী ও পরশুরাম উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে। সোমবারও ফেনী পরশুরাম সড়ক ছিল তিন থেকে চার ফুট পানির নিচে।
এছাড়া ফেনী পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জিএনএ/এসএনডি/১৫০০ ঘ.
bdnews24