ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ধীরাজ কুমার নাথ বলেছেন, জনসংখ্যাকে জনশক্তিতে রুপান্তরিত করতে হলে স্বাস্থ্যখাতের প্রতি জোর দিতে হবে। এজন্য সরকারের পাশাপাশি সকল বেসরকারি সংস্থাকেও একযোগে কাজ করতে হবে।
রোববার হোটেল শেরাটনে মেরি স্টোপসের আয়োজনে দিনব্যাপী 'ওয়ার্কিং টুগেদার ফর হেলথ রাইটস' শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যসেবা গ্রহীতাদের তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
ডিএফআইডির ভারপ্রাপ্ত প্রতিনিধি সারাহ সানিয়া হামবি অনুষ্ঠানে বলেন, প্রত্যেকেরই মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে। মানুষ স্বাস্থ্য সেবাদানকারীর কাছে সহজ প্রবেশ এবং পেশাদার সেবা চায়। মেরি স্টোপস তা নিশ্চিত করছে।
মেরি স্টোপস এর ব্যবস্থাপনা পরিচালক ডা. ইয়াসমীন এইচ আহমেদ বলেন, ২০০৫ সাল থেকে মেরি স্টোপস 'ডেভেলপিং হেলথ কনসিউমারস অ্যাওয়ারনেস অন রাইটস থ্রু এ্যাডভোকেসি' (ধারা) নামে সেবা গ্রহীতাদের সচেতন করে তোলার জন্য একটি কর্মসূচি চালিয়ে আসছে। এ কর্মসূচির অংশ হিসেবেই রোববার ওই কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মেরি স্টোপস ইন্টারন্যাশনালের এশিয়া আঞ্চলিক পরিচালক ডা. শবনম শাহনাজও বক্তব্য রাখেন ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/ এসকে ২১১৭ ঘ.
bdnews24