ফরিদপুর, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিশ্বজিত দাশগুপ্ত নাথু হত্যা মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল মজিদ এ রায় দেন। রায়ে তিন আসামির প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ফরিদপুর সরকারি ইয়াছিন কলেজের ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) হাবির শাফি দিনার (২৮), ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল আলম রুমন (২৮) এবং ছাত্রলীগকর্মী মো. ওমর ফারুক (২৬)।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। তারা হলেন, ফাহাদ বিন ওয়াজিদ ফাহিম, সৈয়দ তাইফুর রহমান উৎপল ও মো. আনোয়ার হোসেন।
রায় ঘোষণার সময় সব আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেন নাথুর বড় ভাই নিশীথ দাসগুপ্ত নারু। তিনি সাংবাদিকদের বলেন, এ রায়ে আমরা খুশি।
২০০৪ সালের ১৫ জানুয়ারি রাতে ছাত্রলীগ নেতা নাথুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে ৩১ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
ওই ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে মামলাটি করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০১৩ ঘ.
bdnews24