ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনে সম্পত্তির হিসাব দিয়েছেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভাগ্নে শাহ্রিন ইসলাম তুহিন, সাবেক যোগাযোগ সচিব ইসমাইল জবীউল্লাহ ও যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজু।
কমিশন সূত্র জানায়, আমিনুল হকের হসাব বিবরণীতে রাজধানীর বারিধারায় আট কাঠা জমির ওপর চার তলা বাড়ি, রাজশাহী উপ-শহরে একটি বাড়ি, সাভারে একটি প্লট, ঢাকার বাইরে একশ ৩৯ শতাংশ জমি, ২১টি ব্যাংক একাউন্টে ২৩ লাখ টাকা, ১ লাখ ৬৫ হাজার টাকার অলঙ্কার, নগদ ২ লাখ ২৫ হাজার টাকা, ২ লাখ ১২ হাজার টাকার আসবাবপত্র ও ২ লাখ ১০ হাজার টাকার ইলেকট্রনিক্স সামগ্রীর কথা রয়েছে।
শাহ্রিন ইসলাম তুহিন গুলশানে একটি ফ্ল্যাট, প্রায় সাতশ শতাংশ জমি, রাজউকের তিনটি জমি বাবদ জমা প্রায় আড়াই কোটি টাকা, একশ ভরি স্বর্ণ, পাঁচ লাখ টাকার নিরাপত্তা আমানত, একটি পিস্তল, প্রায় তিন লাখ টাকার আসবাবপত্র, ৩১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার, প্রতিষ্ঠানের মূলধন প্রায় ৪১ লাখ টাকা ও প্রায় সাড়ে তিন লাখ টাকার দুইটি বীমার হিসাব দিয়েছেন।
সম্পত্তির বিবরণীতে তুহিনের নামে ১৫টি ব্যাংক একাউন্টের উল্লেখ থাকলেও সেখানে কী পরিমাণ টাকা আছে তা বলা হয়নি।
তার স্ত্রী আয়েসা ইসলামের নামে নয় লাখ ১৮ হাজার টাকা রাজউকে জমা, প্রায় সাত লাখ টাকার শেয়ার, নগদ সাত লাখ ৪০ হাজার টাকা ও একশ ভরি স্বর্ণ থাকার কথা সম্পত্তির বিবরণীতে বলা হয়েছে।
ইসমাইল জবীউল্লাহর স্থাবর সম্পত্তির মধ্যে আছে ঢাকা ও চট্টগ্রামে মোট ছয়টি প্লট, লেকসিটি কনকর্ডে একটি ফ্ল্যাট। অস্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে, ১০ লাখ টাকার সঞ্চয়পত্র, ২৫ লাখ টাকার স্থায়ী আমানত, এক লাখ ৫ হাজার টাকার শেয়ার, ক্রেডিট কার্ডে তিন হাজার ডলার, ব্যাংকে ২৭ লাখ টাকা ও বৈদেশিক একাউন্টে তিন হাজার ডলার।
তার স্ত্রী আয়েসা সিদ্দিকের নামে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র ও ৫০ ভরি স্বর্ণ আছে বলে হিসাব বিবরণীতে জানানো হয়।
আওয়ামী লীগ নেতা আলী রেজা রাজু সম্পত্তির বিবরণীতে তার নামে প্রায় পাঁচশ শতাংশ জমি, একটি বন্দুক এবং পাঁচটি ব্যাংক একাউন্টের কথা জানিয়েছেন। তবে একাউন্টে কত টাকা রয়েছে তা জানাননি। হিসাব বিবরণীতে রাজু তার অস্থাবর সম্পত্তির মূল্যমান প্রায় পৌনে চার লাখ টাকা বলে উল্লেখ করেন।
দুর্নীতি দমন কমিশন গত ২৮ জুন এ চারজনকে সাতদিনের মধ্যে সম্পত্তির হিসাব দেওয়ার জন্য নোটিশ পাঠায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/২০০৫ ঘ.
bdnews24