২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষণ ও ঢলে আরও এলাকা প্লাবিত

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং প্রবল বর্ষণে রোববার ফেনী, কুড়িগ্রাম, কুমিল্লা ও কক্সবাজারে নতুন কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। তবে বান্দরবানে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সুনামগঞ্জে সুরমা ও কুমিল্লায় গোমতী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফেনীতে পানিতে ডুবে এক শিশু মারা গেছে। ফেনী থেকে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধি আসাদুজ্জামান দারা জানান, ফুলগাজী ও পরশুরাম উপজেলায় পরিস্থিতির অবনতি হয়েছে। ফুলগাজীর কালিকাপুর গ্রামে শনিবার সন্ধ্যায় পানিতে ডুবে মারা যায় হৃদয়(৭) নামে এক শিশু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2007, 01:34 PM

Updated : 26 Aug 2022, 08:19 PM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং প্রবল বর্ষণে রোববার ফেনী, কুড়িগ্রাম, কুমিল্লা ও কক্সবাজারে নতুন কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। তবে বান্দরবানে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সুনামগঞ্জে সুরমা ও কুমিল্লায় গোমতী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফেনীতে পানিতে ডুবে এক শিশু মারা গেছে। ফেনী থেকে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধি আসাদুজ্জামান দারা জানান, ফুলগাজী ও পরশুরাম উপজেলায় পরিস্থিতির অবনতি হয়েছে। ফুলগাজীর কালিকাপুর গ্রামে শনিবার সন্ধ্যায় পানিতে ডুবে মারা যায় হৃদয়(৭) নামে এক শিশু। নতুন করে সদর উপজেলার শর্শাদি ও কাজীরবাগ ইউনিয়ন প্লাবিত হয়েছে। ফেনী-বিলোনীয়া রেলপথ প্রায় চার ফুট পানির নিচে তলিয়ে গেছে। ফুলগাজী উপজেলা ঘুরে দেখা যায়, দরবারপুর, আনন্দপুর ও সদর ইউনিয়ন ইউনিয়নে পানি বাড়ছে। সদর উপজেলায় পানি বেড়েছে সদর ইউনিয়ন ও কাজীরবাগ ইউনিয়নে। দরবারপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নিজামউদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার তার অফিসসহ বিভিন্ন স্কুলে প্রায় দেড়শ পরিবার আশ্রয় নিলেও এখন সেখানে ৫৫টি পরিবার রয়েছে। পরিবারগুলো জানায়, বিশুদ্ধ পানির সঙ্কটে ভুগছেন তারা। ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলী জানান, ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ভিত্তিতে ১৪ টন চাল বরাদ্দ করা হয়েছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় অনেক এলাকায় ত্রাণ পৌঁছানো না গেলেও রেড ক্রিসেন্টের সহায়তায় বিভিন্ন গ্রামের পানিবন্দি মানুষের মাঝে চাল, চিড়া, মুড়ি, চিনি, দেয়াশলাই ও মোমবাতি বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি। ইউএনও আরও জানান, দরবারপুর ও ফুলগাজীতে ইউপি অফিসসহ কয়েকটি স্কুলে প্রায় ১০০ পরিবার আশ্রয় নিয়েছে। তবে আমজাদেরহাট ইউনিয়নের কিছু এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। কুড়িগ্রাম প্রতিনিধি আহসান হাবীব নীলু জানান, ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি পেয়ে চিলমারী এবং উলিপুর উপজেলার তিনটি ইউনিয়নের ১৪টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় সাড়ে আট হাজার মানুষ। চিলমারীর পুটিমারী-কাজলডাঙ্গা এলাকায় বাঁধের প্রায় এক কিলোমিটার ভাঙ্গা অংশ দিয়ে পানি ঢুকে ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। কুড়িগ্রাম পনি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্রের চিলমারী পয়েন্টে আট সেন্টিমিটার পানি বেড়ে রোববার সকালে বিপদসীমার ৯৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে রাজিবপুর, চিলমারী ও উলিপুর উপজেলার পাঁচটি ইউনিয়নের নয়টি গ্রামে ব্রহ্মপুত্রের ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। গত ৭২ ঘণ্টার ভাঙনে এসব এলাকার ২৫৯টি পরিবারের প্রায় এক হাজার ৩০০ মানুষ ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রেজাউল মোস্তফা আসাফুদ্দৌলা ভাঙনের কথা স্বীকার করেছেন। কক্সবাজার প্রতিনিধি আনছার হোসেন জানান, তিন দিনের বর্ষণে চকরিয়া উপজেলার ছয়টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। ওই এলাকায় পানিবন্দি হয়ে পড়েছে ৫০ হাজার মানুষ। শহর রক্ষা বাঁধ ভেঙ্গে চকরিয়া পৌর এলাকায় পানি ঢুকে পড়েছে। বেড়ী বাঁধ ভেঙে টেকনাফের দুটি ইউনিয়নে ঢুকে পড়েছে পানি। অপরদিকে অতিবৃষ্টির কারণে জেলার বিস্তীর্ণ এলাকায় বীজতলা ও পানের বরজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় আবহাওয়া অফিস গত দুই দিনে ১৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। কক্সবাজার ও আশেপাশের এলাকায় ৩ নং সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ দীপক চন্দ্র নাথ জানান, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট বজ্রমেঘ ও মৌসুমী বায়ুর প্রভাবে সৃষ্ট স্থল লঘুচাপের প্রভাবে এ বৃষ্টিপাত হচ্ছে। আগামী দুইদিন পর্যন্ত এ অবস্থা চলতে পারে বলে জানান তিনি। টানা বর্ষণে জেলার সকল উপকূলীয় এলাকা সাগরের জোয়ার ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে। সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে চকরিয়া উপজেলার পাঁচটি ইউনিয়ন বরইতলী, হারবাং, লক্ষ্যারচর, কাকারা ও ফিরোজপুর-মানিকপুর। এছাড়া ফাঁসিয়াখালী ইউনিয়নের আংশিক এলাকা প্লাবিত হয়েছে। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম জানান, এ সব এলাকা কয়েক ফুট পানির নিচে তলিয়ে যাওয়ায় অন্তত ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে আছেন। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকতা আলতাফ হোসেন চৌধুরী জানান, উপকূলীয় বেড়ী বাঁধ ভেঙে শাহপরীর দ্বীপ ও সাবরাং ইউনিয়ন ৪ থেকে ৫ ফুট পানিতে তলিয়ে গেছে। এদিকে স্থানীয় সূত্র জানিয়েছে, দ্বীপাঞ্চল মহেশখালীতে শতাধিক পানের বরজ আংশিক ক্ষতির শিকার হয়েছে। তবে ধানের বীজতলার ব্যাপক ক্ষতি হযেছে পুরো জেলায়। রামু উপজেলার লম্বরী পাড়া এলাকায় বেড়িবাঁধ ভেঙ্গে কয়েকটি গ্রাম তলিয়ে গেছে। লম্বরী পাড়া, কলঘর ও কলেজ গেইট এলাকা কয়েক ফুট পানির নিচে ঢুবে আছে। অপরদিকে বিরূপ আবহাওয়ার কারণে বিচ্ছিন্ন দ্বীপ সেন্ট মার্টিনের সঙ্গে বারবারই সময় যোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছে। সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা ফিরোজ আহমদ জানান, সাগর ফুঁসে উঠলেই টেকনাফের সঙ্গে নৌ যোগাযোগ বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন তারা। কুমিল্লা প্রতিনিধি আতিবুর রহমান জানান, গোমতী নদীর উভয় দিকে বাঁধের উভয় দিকে ১৪০ কিলোমিটার এলাকায় ১২টি স্থান দিয়ে পানি ঢুকে পড়ছে। রোববার সকাল থেকে যৌথবাহিনীর সদস্যরা কুমিল্লা বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের মীরপুরে ঝুঁকিপূর্ণ বাধ মেরামতের কাজ শুরু করেছে। এছাড়া বামতীরে কর্কটবাজার, টিক্কাচর দুর্গাপুর কাঠালিয়া, কসুমপুর ও জাফরগঞ্জ এবং ডানতীরে বুড়িচং উপজেলার কামার খাড়া, ভান্ডি, বাহেরচর, নানুয়ারবাজার, মালা পাড়া এলাকার বাঁধে জরুরি ভিত্তিতে মেরামত কাজ চলছে। সেনাবাহিনী, পুলিশ, জেলা প্রশাসন ও পাউবোর কর্মকর্তারা সতর্কাবস্থায় রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কামাল উদ্দিন আহাম্মদ, নির্বাহী প্রকৌশলী আমানউল্লা বাঁধ মেরামত কাজ পরিদর্শন করেছেন। রোববার বিকালে গোমতি নদীতে পানি বিপদসীমার ১ দশমিক ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল বলে পানি উন্নয়ন বোর্ড জহানা। বাধের ভেতর চরাঞ্চলে গত তিন দিন ধরে ১৫ হাজার মানুষ বানিবন্দি হয়ে আছে। এছাড়া গত তিন দিনের অরিবাম বর্ষণে কুমিল্লা শহর ও আশেপাশের নিুাঞ্চল পানিতে তলিয়ে গেছে। শনিবার রাত ভর বৃষ্টিতে শহরের নতুন করে শহরের রেইস কোর্স শাসনগাছা, স্টেডিয়াম, কান্দিরপাড়, মনোহরপুর ঠাকুরপাড়া, মুরাদপুর, নোয়াপাড়া, চর্থা এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এছাড়া চৌদ্দগ্রাম উপজেলার কাকড়ী নদীর পানি বেড়েছে। উপজেলার উজিরপুর, কাশিনগর, কালিকাপুর উপজেলার ১৫টি গ্রাম ছাড়াও নতুন করে প্লাবিত হয়েছে মুন্সির হাট ও খোলপাঁশা ইউনিয়নের ১০টি গ্রাম। গ্রামগুলির রাস্তাঘাট, ধানের জমি ও মৎস খামারগুলি ভেসে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকে বিভিন্ন স্কুলে গিয়ে আশ্রয় নিয়েছে। মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়ক তিন ফুট পানিতে তলিয়ে যাওয়ায় সে রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিবুজ্জামান জানান, গোমতি নদীর পানি বৃদ্ধির ফলে মুরাদনগর সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এদিকে কুমিল্লা সদর দক্ষিণের ৩০টি গ্রামে কাঁকড়ী নদীর পানি ঢুকেছে। দাউদকান্দি ও তিতাস উপজেলার খোশেরকান্দি, দাসকান্দি মানিকনগর, নারায়ন পুরসহ পাঁচটি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান নেসার উদ্দিন জানান। পাউবোর প্রকৌশলী মজিবুর রহমান, নির্বাহী প্রকৌশলী এহসানুর রহমান ওই এলাকা পরিদর্শন করেছেন। বান্দরবান প্রতিনিধি বদরুল ইসলাম মাসুদ জানান, রোববার খুব একটা বৃষ্টিপাত না হওয়ায় সার্বিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি দ্রুত কমতে শুরু করেছে। বান্দরবান-কেরানীহাট সড়কের বাজালিয়া এলাকায় পানি কমে যাওয়ায় সারাদেশের সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ ফের চালু হয়েছে। জেলা শহরের মেম্বারপাড়া, আর্মিপাড়া, শেরে বাংলানগর, বাস স্টেশন, ইসলামপুর, লাঙ্গি পাড়ায় পানি কমতে শুরু করেছে। সৌদিয়া বাস সার্ভিসের বান্দরবান কাউন্টারের কর্মকর্তা মোহাম্মদ সোলায়মান ও পূর্বাণী চেয়ার কোচের কর্মকর্তা দুলাল কান্তি দাশ জানান, পানি কমে যাওয়ায় তাদের বাস সার্ভিস আজ দুপুর থেকে চালু হয়েছে। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য জেলা শহরে শহর মডেল প্রাইমারি স্কুল, বাস স্টেশন প্রাইমারি স্কুল, হাফেজঘোনা প্রাইমারি স্কুল, মুক্তিযোদ্ধা সংসদ, সদর উপজেলা পরিষদসহ ১০টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। জেলা পরিষদ, সেনা বাহিনী, পৌরসভা ও জেলা প্রশাসনের লঙ্গরখানা চালু করে ত্রাণ তৎপরতা অব্যাহত রাখা হযেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শওকত রশিদ চৌধুরী জানান, ১০টি আশ্রয় কেন্দ্রে বর্তমানে এক হাজার ৭০০ মানুষ ঠাঁই নিয়েছে। দুর্গতরা আশ্রয় কেন্দ্রে থাকা পর্যন্ত খাবার সরবরাহ করা হবে বলে উপজেলা প্রকল্প কর্মকর্তা আবেদ আলী ও পৌর কমিশনার হাবিবুর রহমান জানান। অবিরাম বষর্ণ, পাহাড়ি ঢল ও পাহাড় ধসের কারণে জেলা শহরেই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলে প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন। সিলেট প্রতিনিধি মুক্তাদীর আহমদ জানান, সিলেট ও সুনামগঞ্জে সুরমা নদীর পানি দুটি পয়েন্টে বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকায় শিক্ষার্থী ও অফিসগামীদের বেশ দুর্ভোগ পোহাতে হয়। সিলেট পানি উন্নয়ন বোর্ড জানায়, রোববার দুপুর ১২টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ১৯ সেমি ও সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমার ১৭ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বিপদসীমার ৫৩ সেমি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর পানি শেওলা পয়েন্টে ৩১ সেমি নিচ দিয়ে ও অমলসীদ পয়েন্টে ৪২ সেমি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী রফিকুল আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গত দুই দিনে পানি বাড়লেও রোববার বাড়েনি। ফরিদপুর প্রতিনিধি নির্মলেন্দু চক্রবর্তী জানান, তিন দিনের বর্ষণে আউশ, রোপা আমন, বিভিন্ন ধরনের শাক সবজির ৮ হাজার হেক্টর জমির ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে বলে কৃষি অধিদপ্তর জানায়। এদিকে আলীয়াবাদ ইউনিয়নে পদ্মা নদীতে ভাঙন দেখা দিয়েছে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন। সদর উপজেলার ডিক্রির চর ইউনিয়নে তিনটি গ্রামে পাঁচ শতাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে বরে জানিয়েছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান মিলন পাল। রোববার দুপুরে গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করেছে বলে জানান পাউবোর নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান। রাজশাহী প্রতিনিধি এস এম আব্বাস জানান, কয়েক দিনের বৃষ্টিতে রাজশাহীর জন জীবন বিপর্যস্ত হয়ে হয়ে পড়েছে। রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। অল্প সংখ্যক কিছু রিক্সা রাস্তায় নামলেও তারাও বেশি সময় রাস্তায় থাকেনি। অভাবী মানুষেরা রেণ স্টেশন, বাসস্ট্যান্ড ও নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে কাজের অপেক্ষায় থাকলেও কাজ পায়নি। তবে বেশিরভাগ দিন মজুর কাজ না পেয়েই ফিরে ঘরে। কাজে বেরুতে না পারেনি অনেকেই। স্কুল কলেজেও কম সংখ্যক ছাত্র-ছাত্রীদের দেখা গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, ২১ জুলাই শনিবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ১০৫ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নোয়াখালী প্রতিনিধি আবু নাছের মঞ্জু জানান, প্রবল বর্ষণ ও জোয়ারের পানিতে নিঝুম দ্বীপ, কেরিংচর মৌলভীর চর, চর বালুয়ার বেশির ভাগ এলাকা তলিয়ে গেছে। কৃষি স