ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- "ওরে সাম্পানের নাইয়া, আমায় দেরে দে ছাড়িয়া...বন্দি হইয়া..." গলা ছেড়ে গাইছিলেন এক রিকশাওয়ালা। আর তাতেই রাস্তার দু'ধারে দাঁড়িয়ে থাকা শত শত মানুষের করতালি আর হাসির রোল পড়ে যায়। এ চিত্র কাজীপাড়ার। (আরও তথ্যসহ)
সকাল থেকে এমন অবিরাম জলধারায় রিকশাওয়ালা যদি নিজেকে সাম্পানের মাঝি ভেবে গলা ছেড়ে গান গাইতে শুরু করেন তাকে আর দোষ দিয়ে কী লাভ। অবিরাম বর্ষণে রোববার ঢাকার রাস্তাঘাট যেন অথৈ সাগর।
রাজধানীর অধিকাংশ রাস্তায়ই হাঁটু কিংবা কোমর পানি। সরেজমিনে দেখা গেছে,মিরপুর, কাজীপাড়া, শেওড়া পাড়া, তালতলা, আগারগাঁও, বিজয়সরণি, ধানমণ্ডি, কলাবাগানসহ অধিকাংশ রাস্তা কোমর সমান পানিতে তলিয়ে গেছে। রাস্তাগুলোতে ব্যাপক যানজটও দেখা দিচ্ছে। এতে দুর্ভোগ বাড়ছে সবার।
রাস্তাঘাটে যথেষ্ট যান চলাচল করলেও খুব দ্রুত গতিতে চলছে না। সিএনজি চালিত অটোরিকশা আর গাড়িগুলো কিছুদূর যেতে না যেতেই থেমে যাচ্ছে। মোটের ওপর পুরো ঢাকাবাসীর চোখে বর্ষার আসল রূপ ধরা পড়ছে রোববার।
এছাড়া মৌসুমী বায়ুর প্রভাবে দেশের প্রায় সর্বত্রই প্রবল বর্ষণ অব্যাহত রয়েছে। সেই সঙ্গে অপরিবর্তিত রয়েছে সারা দেশের বন্যা পরিস্থিতিও। আবহাওয়া অফিস বলেছে, মৌসুমী বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
রোববার ভোর ৬ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত সারাদেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ঢাকায় (৯০ মিলিমিটার)। সর্বনিম্ন বৃষ্টিপাত হয় মংলায় (১ মি.মি.)। এছাড়া কক্সবাজারে ৫৮, টেকনাফে ৪১, টাঙ্গাইলে ২৩, রাজশাহী ও ঈশ্বরদীতে ১৩ এবং ময়মনসিংহে ১০ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে এরই মধ্যে ফেনী, কুমিল্লা ও কুড়িগ্রামে বন্যা-পরিস্থিতি দেখা দিয়েছে। চট্টগ্রাম জেলার সব এলাকাতেই বৃষ্টি হচ্ছে।
বিরূপ আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে । ভারী বৃষ্টির ফলে বান্দরবান জেলা সদর, রোয়াংছড়ি ও রুমা উপজেলার অর্ধ শতাধিক পাহাড়ে ধস নেমেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এএএল/এসি/১৫১৩ ঘ.
bdnews24