ঢাকা বিশ্ববিদ্যালয়, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোববার শিক্ষক সমিতির আধাবেলার কর্মবিরতি স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়েছে। বেলা ১ টা পর্যন্ত এই কর্মবিরতি চলে। শিক্ষকদের কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয় অচল হয়ে পড়ে।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মুক্তি এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ সকল রাজনৈতিক নেতা -- নেত্রীর 'হয়রানীর' প্রতিবাদে শিক্ষক সমিতি এই কর্মবিরতি পালন করে। একই দাবিতে শনিবার কালোব্যাজ-ধারণ কর্মসূচি পালন করেছিল শিক্ষক সমিতি ।
এদিকে ছাত্রলীগ শেখ হাসিনার মুক্তির দাবিতে রোববার সারাদেশে শিক্ষা ধর্মঘট আহ্বান করে। শিক্ষার্থীর অভাবে বেলা ১ টার পরেও কোনো বিভাগেই ক্লাস হয়নি।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সদরুল আমিন শিক্ষক ধর্মঘট সফল করায় ছাত্র -- শিক্ষকদের ধন্যবাদ জানিয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "শিক্ষকরা সম্মিলিতভাবে কর্মসূচি নিয়েছে। এই কর্মসূচির বিষয়ে সরকারের ভেবে দেখা উচিত।"
সকালে কলাভবনসহ বিভিন্ন অনুষদ ঘুরে দেখা যায়, কোথাও কোনো ক্লাস হয়নি। তবে নিয়মিত চূড়ান্ত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান অনুষদে সকল ব্যবহারিক পরীক্ষাও হয়েছে। পুরো ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি প্রায় ছিল না বললেই চলে।
এদিকে রোববারও ক্যাম্পাসে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। এছাড়া সাদা পোষাকে একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। কলাভবনের প্রত্যেক গেটে বসানো হয় পুলিশ প্রহরা। শিক্ষক লাউঞ্জ প্রায় ফাঁকা ছিল।
শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আখতারুজ্জমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সমিতির কর্মসূচি সরকারের পতন বা সরকারকে ধাক্কা দেওয়ার জন্য নয়। বরং এটি সরকারকে সঠিক পথে পরিচালনার জন্য একটি দিক নির্দেশনা মাত্র। সরকার যেন ভুল সংশোধন করে সে জন্যই এই কর্মসূচি।"
সেমিস্টার পদ্ধতিতে শিক্ষার্থীদের ক্লাস না হলে ক্ষতি হয়। এ ক্ষেত্রে শিক্ষকরা কী ভাবছেন, তা জানতে চাইলে তিনি বলেন, "আমরা এ ধরণের কর্মসূচি নিতে বাধ্য হয়েছি। শিক্ষার্থীদের একটি ক্লাস না হলেও এটিকে হাল্কা করে দেখার সুযোগ থাকে না। এটি শিক্ষকদের জন্যও বাড়তি চাপ। কারণ, পরে শিক্ষকদের এই ক্লাসগুলো পুষিয়ে দিতে হয়।"
শিক্ষক সমিতির নেতা অধ্যাপক ড. হারুন অর রশিদ বলেন, "এই সরকার সংবিধান লঙ্ঘন করছে। কারণ, সংবিধান অনুযায়ী তত্ত্বধায়ক সরকারের উদ্দেশ্য হচ্ছে ৯০ দিনের মধ্যে নির্বাচন করানো। কিন্তু সরকার পক্ষপাতিত্বমূলক আচরণ করছে। তাদেরকে রাজনৈতিক পরিবেশ তৈরি করতে হবে। কারণ, গণতন্ত্রের বিকল্প নেই। এই পরিস্থিতিতে আমরা একটি প্রতীকী প্রতিবাদ করেছি।"
অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র কেএম তানিমুজ্জামান বলেন, "শিক্ষকরা জাতীয় স্বার্থে দল-মত নির্বিশেষে অভিন্ন কর্মসূচি নিয়েছেন। এ কারণে জাতীয় স্বার্থেই শিক্ষার্থীদের ছাড় দিতে হচ্ছে।"
তিনি শিক্ষকদের ঐকবদ্ধ হওয়ার জন্য ধন্যবাদ জানান।
ইসলামের ইতিহাস প্রথম বর্ষের শিক্ষার্থী বিল্লাল আল আজাদ বলেন, "সেমিস্টার পদ্ধতিতে ক্লাস না হওয়াটা ক্ষতিকর। কিন্তু শিক্ষকরা জাতীয় স্বার্থে কর্মসূচি নিয়েছেন। আশা করি, পরে তারা বাড়তি ক্লাস নিয়ে এই ক্ষতি পুষিয়ে দেবেন।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/বিআর/এসি/১৪০০ ঘ.
bdnews24