টাঙ্গাইল, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলার দেলদুয়ার উপজেলার দুটি গ্রামে শুক্রবার গভীর রাতে যৌথবাহিনীর পরিচয়ে প্রায় ৪০ ভরি সোনার গহনা, নগদ ৪ লাখ টাকাসহ বিভিন্ন মালামাল লুটে নিয়ে গেছে ডাকাতরা।
ডাকাতদের অস্ত্রের আঘাতে ২ জন আহত হয়েছেন।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুন নূর জানান, শুক্রবার গভীর রাতে ৩০ থেকে ৪০ জনের একদল ডাকাত উপজেলার দুল্লা-গ্রামের মজিবর রহমানের বাড়িতে যৌথবাহিনীর সদস্য পরিচয়ে ঢুকে লুটপাট শুরু করে। এসময় বাধা দিলে ডাকাতরা গৃহকর্তার ছেলে মোখলেছুর রহমান রাজা (৪৫) ও তার স্ত্রী রুবিনা বেগমকে (৩৫) ছুরি মেরে আহত করে।
পরে তারা পার্শ্ববর্তী তেঘুরী গ্রামের আর রহমানের বাড়িতে একইভাবে ডাকাতি করে।
দুটি বাড়ি থেকে ডাকাতরা প্রায় ৪০ ভরি সোনার গহনা, নগদ ৪ লাখ টাকাসহ বিভিন্ন মালামাল লুটে নিয়ে যায় বলে আবদুন নূর জানান।
এ ঘটনায় দেলদুয়ার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/২৩৩০ ঘ.
bdnews24