খুলনা, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পুলিশের বাধার মুখে শনিবারও খুলনার পাটকল শ্রমিকদের জন্য লঙ্গরখানা চালাতে পারেনি জাতীয় ত্রাণ কমিটি। তবে খুলনার পিপলস জুটমিলের শ্রমিক কর্মচারীদের বকেয়া ১৮৭ কোটি টাকা আগস্টের মধ্যেই পরিশোধ করা হবে বলে জানিয়েছেন ওই পাটকলের প্রকল্প প্রধান মাহাবুবুল হক।
বিজেএমসির পরিচালক (অর্থ) হারিছউদ্দিন, মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আবু সাইদ এবং উপ-মহাব্যবস্থাপক (বিপণন) নলিনী রঞ্জন রায় শনিবার খুলনার প্লাটিনাম, ক্রিসেন্ট ও আলীম জুটমিল পরিদর্শন করেন। পাটকলগুলোর দায় দেনা নির্ধারণ করার জন্য শুক্রবার খুলনা-যশোর শিল্পাঞ্চলের আটটি রাষ্ট্রায়ত্ব পাটকলের প্রকল্প প্রধানদের সঙ্গে বৈঠক করেন তারা।
পিপলস জুটমিলের প্রকল্প প্রধান মাহাবুবুল হক জানান, আগস্টের মধ্যেই পিপলস জুটমিলের শ্রমিক কর্মচারীদের বকেয়া ১৮৭ কোটি টাকা পরিশোধ করা হবে বলে বৈঠকে জানানো হয়েছে।
এদিকে পুলিশের বাধার মুখে শনিবারও খালিশপুর শিল্পাঞ্চলে লঙ্গরখানা খুলতে পারেনি জাতীয় ত্রাণ কমিটি।
ত্রাণ কমিটির সমন্বয়কারী মো. আলমগীর কবির জানান, চার হাজার শ্রমিক পরিবারের জন্য প্রায় ৪০ মন খিচুড়ি রান্নার প্রস্তুতি নিয়েছিল কমিটি। সকাল থেকে শ্রমিকরা খাবার নেওয়ার জন্য লঙ্গরখানায় জড়ো হলেও পুলিশের বাধা ও হুমকির কারণে তারা পালিয়ে যায়।
তিনি অভিযোগ করেন, খালিশপুর থানার উপ পরিদর্শক বীরেন্দ্র ও ফারুক শনিবার সকালে লঙ্গরখানায় এসে রান্না বন্ধ করে দিতে বলেন। এক সঙ্গে পাঁচজন এক জায়গায় সমবেত হলে গ্রেপ্তার করা হবে বলেও হুমকি দেন তারা। পুলিশ পিপলস জুটমিল এলাকার লঙ্গরখানাটি ঘিরে রাখে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার রওশন আরার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেন।
সকালে খুলনা প্রেস ক্লাবে 'খুলনায় পাটকলের সার্বিক পরিস্থিতি ও করণীয় সম্পর্কে নাগরিক সমাজের সুপারিশমালা' শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় রাষ্ট্রায়ত্ব পাটকলগুলো চালু রেখে লাভজনক করার উপায় খুঁজে বের করার জন্য তত্ত্ববধায়ক সরকারের প্রতি আহ্বান জানান বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।
সভায় বক্তারা পাটশিল্প রক্ষা ও উন্নয়নের জন্য তিনশ কোটি টাকা বরাদ্দ, খুলনার রাষ্ট্রায়ত্ত পাট কলগুলো চালু, বিশ্ব ব্যাংকের সঙ্গে পাটশিল্প সংক্রান্ত চুক্তি বাতিল, পাটকলগুলোর দায়দেনা গ্রহণ, এবং পাটশিল্পকে একটি কৃষিজাত শিল্প খাত হিসেবে বিবেচনা করে ব্যাংক ঋণ নীতিমালা ঘোষণা করার সুপারিশ করেন।
খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ-উজ-জামান, ভারপ্রাপ্ত সভাপতি হায়দার গাজী সালাহউদ্দীন রুনু, ফিরোজ আহমেদ, এনায়েত আলী, জাফর ইমাম, হাফিজুর রহমান, আজাদুল হকসহ সংগঠনের নেতৃবৃন্দ এই মতবিনিময় সভায় অংশ নেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২২৩২ ঘ.
bdnews24