ঢাকা. জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে পুরনো মামলাগুলো নিয়ে টানাটানি হচ্ছে, তার বিরুদ্ধে নতুন অভিযোগ আনা হচ্ছে। অথচ ২১ আগস্টের গ্রেনেড হামলার বিচারের কোনো পদক্ষেপ নিচ্ছে না সরকার।
হৃদরোগে মারা যাওয়া ঢাকার ৪৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী বাবুলের মরদেহ দেখতে শনিবার তার জিগাতলার বাসায় এসে মতিয়া চৌধুরী এ অভিযোগ করেন। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়েছিলেন বাবুল।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য আব্দুর রাজ্জাকও বাবুলের মরদেহ দেখতে আসেন। তিনি বলেন, দেশের এ রাজনৈতিক পরিস্থিতিতে যখন শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছে, তখন বাবুলের মতো কর্মীর খুব প্রয়োজন ছিল। ২১ আগস্টের গ্রেনেড হামলার তদন্তের পদক্ষেপ না নেওয়ায় তিনি বর্তমান সরকারের সমালোচনা করেন।
শনিবার জোহরের নামাজের পর জিগাতলার বায়তুল মোহাররম মসজিদে নামাজে জানাযা শেষে বাবুলকে আজিমপুর গোরস্থানে দাফন করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএনডি/২১৪২ ঘ.
bdnews24