গাজীপুর, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার ভোগড়া এলাকায় নারী শ্রমিকদের উত্যক্ত করার জের ধরে শনিবার সকালে দুটি গার্মেন্টস শ্রমিকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।
এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। ক্ষুব্ধ গার্মেন্টস কর্মীরা স্টকহোম নিট ওয়্যার লিমিটেডের মেশিনপত্র ভাংচুর ও কয়েক হাজার পিস কাপড় নষ্ট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোগড়ার ইসলাম টাওয়ারের দ্বিতীয় তলার স্টকহোম নিটওয়্যার ও তৃতীয় তলায় মার্চেন্ট সোয়েটার কারখানার শ্রমিকদের মধ্যে সকাল সাড়ে ৯টায় গোলযোগের সূত্রপাত হয়।
স্টকহোমের নারী শ্রমিকদের উত্যক্ত করার অভিযোগে অপর কারখানার দুই শ্রমিক জিয়াউর রহমান (২২) ও এমদাদুল (২৪) কে আটক করে মারধরের অভিযোগ ওঠে।
এতে মার্চেন্ট সোয়েটারের শ্রমিকরা একাট্টা হয়ে সহকর্মী দুই জনকে উদ্ধারের জন্য স্টকহোমে হামলা চালায়। বিক্ষুব্ধ শতাধিক শ্রমিক স্টকহোমের নিটিং সেকশনে হামলা চালিয়ে ১৬টি মেশিন ভাংচুর ও ২৮০০ পিস গেঞ্জির কাপড় তছনছ করে বলে ওই কারাখানার কর্মকর্তারা জানান।
সংঘর্ষে আহত শ্রমিকরা হলেন, মোশারফ (২৫), শারমিন (১৮), রেজাউল (২২), সাগর (২২), দোলন (১৮) দেলোয়ার (২২), শফিকুল (২১) ও দোলোয়ার আলম (২৭)।
খবর পেয়ে র্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে দুপুরে পুলিশের মধ্যস্থতায় উভয়পক্ষের মধ্যে সমঝোতা বৈঠক হয়। এতে ভাংচুর ও হামলা চালানোর ক্ষতিপূরণ হিসাবে মার্চেন্ট সোয়েটারকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং দায়ী শ্রমিকদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
স্টকহোম নিটের চেয়ারম্যান আমিনুল ইসলাম ও মোর্চেন্ট সোয়েটারের ব্যবস্থাপনা পরিচালক মো. কামালউদ্দিন সমঝোতার বিষয়টি স্বীকার করেন।
জয়দেবপুর থানার উপপরিদর্শক হুমায়ুন কবির জানিয়েছেন, সমঝোতা হওয়ায় কেউ মামলা করছেন না।
ডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৪৬ ঘ.
bdnews24