ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---বিএনপিতে ঐক্য বজায় রেখেই সংস্কার করা হবে বলে মনে করেন দলের সহ-সভাপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার দুপুরে দলের মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার সঙ্গে তার গুলশানের বাসায় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, "বিএনপিতে আমরা একটি স্থায়ী সংস্কার চাই। তবে দলের ঐক্য বজায় রেখেই তা করা হবে।"
মেজর হাফিজ বলেন, "কাউন্সিলের কাজের অগ্রগতি নিয়ে মহাসচিবের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। বিএনপির মতো একটি বৃহৎ দলের কাউন্সিল আয়োজন বিরাট একটি মহাজজ্ঞ। এজন্য অনেক সময়ের দরকার। আমাদের কাউন্সিলের কাজ ধীরে ধীরে এগুচ্ছে।"
এই দুই নেতার বৈঠকের সময় বরগুনা জেলা বিএনপির নেতারাও উপস্থিত ছিলেন। তৃণমুল পর্যায়ের নেতাকর্মীদের সংস্কারের বিষয়টি বোঝানোর জন্য জেলা নেতাদের মান্নান ভুইয়া অনুরোধ করেছেন বলেও মেজর হাফিজ জানিয়েছেন।
বৃহস্পতিবার নরসিংদী, বরিশাল, মুন্সীগঞ্জ, পাবনা, কিশোরগঞ্জ ও চাঁদপুরের নেতারাও মান্নান ভুইয়ার সঙ্গে দেখা করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/আরবি/এসি/১৪১২ ঘ.
bdnews24