ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ফৌজদারী মামলা দ্রুত বিচারের জন্য প্রতিষ্ঠা করা হলেও নিস্ক্রিয় হয়ে পড়েছে দ্রুত বিচার ট্রাইবুনালগুলো। কারণ, আদালতে মামলার অভাব।
২০০২ সালের ডিসেম্বরে এ ট্রাইবুনাল প্রতিষ্ঠার পর থেকে দ্রুত গতিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ, আলোচিত হত্যা ও অস্ত্র মামলার বিচার শেষে রায় দেওয়া হয়।
ঢাকার চারটি দ্রুত বিচার ট্রাইবুনালে বর্তমানে বিচারাধীন মামলা আছে ৮৬টি। এর মধ্যে ৪৯টির বিচার কাজের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় ট্রাইবুনালগুলো সেগুলোর বিচার-কাজ চালাতে পারছেনা।
ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্রী সাবেকুন নাহার সনি হত্যা মামলা, আহসান উল্ল্যাহ মাষ্টার হত্যা মামলা, পুরাতন ঢাকার মহসীন ও ব্যবসায়ী আলম হত্যা মামলা, পাটুয়াটুলীর পিতা-পুত্র হত্যা মামলাসহ মুক্তিপনের দাবীতে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গার বেশ কয়েকটি শিশু হত্যা মামলার বিচার দ্রুত বিচার ট্রাইবুনালেই নিষ্পন্ন হয়।
কিন্তু সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেল থেকে নতুন করে কোনো মামলা না পাঠানোয় এখন হঠাৎ থমকে গেছে ট্রাইবুনালগুলোর কার্যক্রম।
ঢাকার সংশ্লিষ্ট আদালতগুলোর মামলার নথিতে দেখা গেছে এসব আদালতের প্রত্যেকটিতে কয়েক'শ মামলা বিচারাধীন ছিল।
দ্রুত বিচার আদালত -৩ এ খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে মোট মামলার সংখ্যা ২০। এর মধ্যে ১২টি মামলা হাইকোর্টের আদেশে স্থগিত আছে। বাকী ৮টির মধ্যে ৫টি রায়ের পর্যায়ে থাকলেও সাঁটলিপিকারের (টাইপিস্ট) অভাবে রায় দেওয়া যাচ্ছে না।
এ আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) মোঃ সাইদুল ইসলাম বলেন, "মামলার সংখ্যা অনেক কম। যা-ও ছিল তার অধিকাংশই এখন হাইকোর্টের আদেশে স্থগিত। মহানগর আদালতে মামলার জট অথচ এদিকে আমরা বিচারের জন্য মামলা পাই না। "
ঢাকা দ্রুত বিচার আদালত-২ এ মোট ২৫টি মামলা বিচারাধীন রয়েছে, এর মধ্যে ১৬টির বিচার কাজ হাইকোর্টের আদেশে স্থগিত হয়ে আছে।
বাকী ৯টি মামলার মধ্যে একটি হত্যা মামলা ও ৮টি অস্ত্র মামলা। হত্যা মামলাটি নেত্রকোনায় উদীচী কার্যালয়ের সামনে জেএমবির বোমা হামলা সংক্রান্ত। স্থগিত মামলার মধ্যে আছে আলোচিত সোহেল চৌধুরী হত্যা মামলা, যাতে প্রধান আসামী আজিজ মোহাম্মদ ভাই।
এছাড়া পুরান ঢাকার ৭২ নং ওয়ার্ড কমিশনার বিনয় সরকার বিনা ও আজাদ হত্যা মামলা উল্লেখযোগ্য।
ঢাকার ৩ নং দ্রুত বিচার ট্রাইবুনালে এখনকার বিশেষ পিপি শহীদুল ইসলাম সরদার বলেছেন, মহানগর দায়রা জজ আদালতে কমপক্ষে তিন হাজার ফৌজদারী মামলা বিচারাধীন, এর মধ্যে প্রচুর জনগুরুত্বপূর্ণ মামলাও রয়েছে।
পাশাপাশি দ্রুত বিচার ট্রাইবুনালের বর্তমান অবস্থা বোঝাতে গিয়ে তিনি বলেন, দ্রুত বিচার আদালতে ৫০টি গুলি হেফাজতে রাখার মামলাসহ এমন অনেক ছোটখাটো অস্ত্র মামলা রয়েছে যেগুলো দ্রুত বিচার ট্রাইবুনালে আনা উচিৎ নয়।
পিপি শহীদুল ইসলাম সরদার বলেন, "আমাদেরকে এসব মামলার বিশেষ পিপি নিয়োগ দেওয়ায় আমাদের আসল পেশার ক্ষতি হচ্ছে, তেমনি আদালতের অনেক কর্মচারীকে বসিয়ে বসিয়ে বেতন দেওয়া হচ্ছে। এতে ক্ষতি হচ্ছে সরকারের। হয় এ আদালতগুলো উঠিয়ে দেওয়া হোক, না হয় এগুলোতে গুরুত্বপূর্ণ ফৌজদারী মামলাগুলো পাঠানো হোক।
ঢাকার দ্রুত বিচার আদালত-১ এ মোট মামলা আছে ২৫টি। এর মধ্যে হাইকোর্টের আদেশে স্থগিত ১২টি। এ আদালতের স্পেশাল পিপি ফিরোজ কামরুল হাসান প্রধান, মামলার সংখ্যা কম হলেও আমাদের কিছুই করার নেই। কোন মামলা দ্রুত বিচারে পাঠাবে তা পর্যবেক্ষণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেল।তারা যেভাবে পাঠায় আমাদের সেভাবেই চলতে হয়।
দ্রুত বিচার আদালত-১ - এ ফরিদপুরের দৈনিক সমকালের সাংবাদিক গৌতম হত্যা, স্বর্ণ ব্যবসায়ী তূর্য ঘোষ হত্যা, নেত্রকোনার শতলোক কার্যালয়ের সামনে জেএমবির বোমা হামলাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে।
ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনাল - ৪ এ মোট মামলার সংখ্যা ১৬। এর মধ্যে ৯টি মামলাই হাইকোর্টের আদেশে স্থগিত আছে। বাকী ৭টির মধ্যে ৩টি রায় ঘোষণার পর্যায়ে।
দ্রুত বিচার আদালত - ৪ এর পেশকার মো. মোস্তাফিজুর রহমান ও সহকারী সেরেস্তাদার এস. এম. আবুল কালাম আজাদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে মামলা কম দেখে বললেন, অলস বসে থাকতে হয় তাদের আর ভালো লাগেছেনা। এর ফলে কাজের স্পৃহা নষ্ট হয়ে যাচ্ছে।
২০০২ সালের ১ ডিসেম্বর এ আইনটি প্রনীত হলেও কার্যকর বলে গন্য করা হয় সে বছরেরই ২৪ অক্টোবর থেকে ।
৪ ধারায় বলা হয় প্রত্যেক বিভাগীয় শহরে এ আইনের অধীনে আদালত গঠন করা হবে এবং ৯ ধারায় বিচারের পদ্ধতি সম্পর্কে বলা হয়।
১ ধারায় বলা হয়েছে, ৯০ দিনের মধ্যে এ আদালতের অধীনস্থ মামলার বিচার কাজ শেষ করতে হবে।
এ মেয়াদের মধ্যে বিচার কাজ শেষ করতে না পারলে যথাযথ কারণ দেখিয়ে, হাইকোর্টকে লিখিতবাবে অবহিত করে ৩০ দিন মেয়াদ বাড়ানো যাবে ।
তারপরও বিচার কাজ শেষ করতে না পারলে আরো ১৫ দিন সময় বাড়ানো যাবে এবং একইভাবে সুপ্রীম কোর্ট ও সরকারকে অবহিত করতে হবে।
এই সময়সীমার মধ্যেও বিচার কাজ শেষ করতে না পারলে যে আদালত থেকে মামলাটি দ্রুত বিচার ট্রাইবুনালে স্থানান্তরিত করা হয়েছিল বিচারের জন্য সে আদালতের দ্রুত বিচার ট্রাইবুনাল কারণ লিখে তা ফেরত পাঠাবে এবং ফেরত পাঠানোর কারণ লিখে সুপ্রীম কোর্টকে লিখিতভাবে জানাবে এবং এর একটি অনুলিপি সরকারের কাছে পাঠাবে।
এভাবে পাঠানো মামলা আগের বিচারাধীন অন্য সব মামলার চেয়ে প্রাধান্য পাবে এবং যে পর্যায়ে মামলাটি ফেরত এসেছে সে পর্যায় থেকে বিচার কাজ পরিচালনা করা হবে,যেন দ্রুত বিচার ট্রাইবুনালে এই মামলাটি কখনো স্থানান্তরিত করা হয়নি। এ মামলার শুনানী শুরুর পর একটানা চলতে থাকবে এবং অনিবার্য কোনো কারণ ছাড়া শুনানী মুলতবী করা যাবে না।
এসব বিষয় নিয়ে ঢাকার আদালতে ফৌজদারী মামলার বিশেষজ্ঞ ও সিনিয়র আইনজীবি এ.বিএম. শরফুদ্দিন আহমেদ খান মুকুল বলেন, সরকারের মনিটরিং সেলের অবশ্যই এ বিষয়ে নজর দেওয়া উচিত।
স
bdnews24