১৮ জুলাই,( বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন,আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে অন্য ভাবেও গ্রেফতার করা যেত। তিনি বলেন, "এত হুলস্থূল করার কোন প্রয়োজন ছিলনা।"
বুধবার জাতীয় প্রেসক্লাবে 'ষ্ট্রং লোকাল গভর্নমেন্ট ন্যাশনাল কনভেনশন কমিটি' আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সুলতানা কামাল একথা বলেন। শেখ হাসিনাকে সমন পাঠিয়ে অন্যদের মত গ্রেফতার করা যেত বলে মন্তব্য করেন তিনি।
শক্তিশালী স্থানীয় সরকার এবং সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করতে আগামী ২২ জুলাই বিয়াম অডিটরিয়ামে অনুষ্ঠেয় এক সেমিনার উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
শেখ হাসিনাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তা মানবাধিকার বিরোধী কি না -সাবেক উপদেষ্টা এ প্রশ্নের সরাসরি কোন জবাব দেননি।
সুলতানা কামাল বলেন, একটি গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারী কাজে সেনাবাহিনীর প্রত্যক্ষ কোন ভুমিকা থাকেনা। তারা দেশের প্রতিরক্ষার দায়িত্ব পালন করবে। এটাই তাদের প্রধান কাজ। তবে জাতীয় দূর্যোগে সেনাবাহিনী সরকারকে সহায়তা করে থাকে।
তিনি বলেন, "আমরা খুবই সংকটাপন্ন অবস্থায় আছি। আমরা সবাই গণতান্ত্রিক অবস্থায় ফিরে যেতে চাচ্ছি।"
স্থানীয় সরকার, সুশাসন এবং মানবাধিকার নিয়ে কাজ করছে এমন ২৭টি সংগঠনের সমন্বয়ে ন্যাশনাল কনভেনশন কমিটি গঠিত হয়েছে। তাদের ২২ জুলাইয়ের সেমিনারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারসহ প্রায় ৭০০ প্রতিনিধি অংশ নেবেন বলে জানানো হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এএইচডি/ইএইচবি/এসকে ২১৫৬ঘ.
bdnews24