চট্টগ্রাম, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নগরীর রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়ে রোববার বিকালে ভ্রাম্যমাণ আদালত সাড়ে তিন মেট্রিক টনের বেশি ভেজাল ঘি উদ্ধার করেছে।
আদালত নগরীর ব্যস্ততম এ পাইকারি বাজারের ৮টি দোকানে তল্লাশি চালায়। উদ্ধারকৃত ৩ দশমিক ৬ টন ঘিয়ের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা বলে জানা গেছে।
ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরী জানান, অভিযানের এক পর্যায়ে রিয়াজ উদ্দিন বাজার ব্যবসায়ী সমিতি স্বেচ্ছায় তাদের দোকানে রক্ষিত 'তাজা' ব্র্যান্ডের এসব ভেজাল ঘি হস্তান্তর করেন এবং ভবিষ্যতে বিক্রি না করার সিদ্ধান্তের কথা জানান।
প্রসঙ্গত, আদালত গত ১১ জুলাই খাতুনগঞ্জে অভিযান চালিয়ে শাহজালাল ফুড এন্ড কেমিক্যাল ওয়ার্কসের উৎপাদিত 'তাজা' ব্র্যান্ডের প্রায় এক টন ভেজাল ঘি আটক করেছিল। পরে বিএসটিআই এর পরীক্ষায় এসব ঘি ভেজাল বলে প্রমাণিত হয় বলে ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরী জানান। এরই পরিপ্রেক্ষিতে রোববার রিয়াজউদ্দিন বাজারে এ অভিযান চালানো হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এফআই/ডিডি/এমএইচবি/২৩১১ ঘ.
bdnews24