ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আদালতের নির্দেশে শনিবার বেক্সিমকো গ্র"পের চেয়ারম্যান সোহেল এফ রহমানের কার্যালয়ের মালামাল ক্রোক করেছে ধানমণ্ডি থানা পুলিশ।
প্রতারণার অভিযোগে নিউমার্কেট থানায় দায়ের করা দুুটি মামলায় আদালত তার সম্পত্তি ক্রোক করার নির্দেশ দেয়। ধানমণ্ডি থানার কর্তব্যরত কর্মকর্তা নুরুন নাহার মনি জানান, চলতি বছরের ১৯ মার্চ আবু মো. সাইদ হোসেন সরকারের ও ২০ মার্চ মোশাররফ হোসেন আহমেদ এ মামলাদুটি দায়ের করেছিলেন। দুটি মামলাতেই সোহেলের ভাই সালমান এফ রহমানকেও অভিযুক্ত করা হয়েছে।
জিগাতলার ৩০ মনেশ্বর রোডের বাসিন্দা আবু মো. সাইদ হোসেন সরকার তার মামলায় অভিযোগ করেন, তিনি সোহেল ও তার ভাই সালমান এফ রহমানের মালিকানাধীন শাইনপুকুর হোল্ডিংস লিমিটেডের সানসিটি ১ প্রকল্পে ১ কাঠার প্লট কেনার জন্য ৯৯ সালের ২৮ নভেম্বর থেকে ২০০০ সালের ২০ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন মেয়াদে এক লাখ টাকা দেন। কিন্তু প্লট বুঝিয়ে না দিয়ে এবং টাকাও ফেরত না দিয়ে সে টাকা অভিযুক্তরা আত্মসাত করেছেন।
মোশাররফ হোসেন আহম্মেদ অভিযোগ করেছেন, শাইনপুকুর হোল্ডিংসের সানসিটি-৩ প্রকল্পে তিন কাঠার একটি প্লট কেনার জন্য তিনি ২৭ এপ্রিল ২০০০ থেকে ২৮ মার্চ ২০০১ তারিখের মধ্যে মোট দুই লাখ ৩৫ হাজার টাকা দিয়েছেন। ২০০১ সালে ওই তিন কাঠা জমি বুঝিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু প্রকল্প কর্তৃপক্ষ জমি বুঝিয়ে না দিয়ে সে টাকা আত্মসাত করেছেন।
ধানমন্ডির ২ নম্বর রোডের ১৭ নম্বর ভবন বেল টাওয়ারে অবস্থিত বেক্সিমকো প্রধান কার্যালয়ে বিকেল সাড়ে ৪টা থেকে এক ঘণ্টা ব্যাপী অভিযান চালিয়ে পুলিশ সোহেল এফ রহমানের ব্যাক্তিগত কক্ষের চেয়ার, টেবিল, টেলিফোর, সোফা, কাগজ রাখার ঝুড়ি সব কিছু ক্রোক করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএইচ/২১১৪ ঘ.
bdnews24