ঝিনাইদহ, জুলাই ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঝিনাইদহ-৩ আসনের সাবেক বিএনপি সাংসদ শহিদুল ইসলামসহ ১০ জনের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে।
শুক্রবার রাতে মহেশপুর থানায় মামলাটি করেন মহেশপুর উপজেলার সলেমানপুর মৎস্যজীবী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক কার্তিক হালদার।
এজাহারে অভিযোগ করা হয়েছে, ২০০২ সালের ২০ মে শহিদুল ইসলাম মাস্টার দলবলসহ সলেমানপুর বাঁওড়ে গিয়ে মাছচাষীদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় শহিদুল তার ক্ষমতার দাপটে ভুয়া মৎস্যজীবী সমিতি গঠন করে প্রকৃত মাছচাষীদের তাড়িয়ে বাঁওড়ের দখল নেন এবং সমিতির তহবিলে সঞ্চিত ৫ লাখ ২৫ হাজার টাকা ও প্রায় দুই লাখ টাকা দামের বাঁশ ও অন্যান্য উপকরণ আত্মসাত করেন।
মামলায় অপর আসামীরা হলেন, শহিদুল হক, রফিকুল, আলি আকবর, ফোরকান আলি, প্রদ্যুৎ হালদার, মশিউর, জাফর, আব্দুস সাত্তার ও নজরুল।
সাবেক সাংসদসহ অভিযুক্তরা সবাই পলাতক রয়েছেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সহিদ জানান, মামলাটি তিনি নিজেই তদন্ত করছেন।
জরুরি অবস্থা ঘোষণার পর সাংসদ শহিদুলের বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাতের অভিযোগে একটি এবং চাঁদাবজির অভিযোগে আরও একটি মামলা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/২০১৬ ঘ.
bdnews24