২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফয়েজীর বিরুদ্ধে দুদকে অভিযোগ করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

সনদ জালিয়াতির দায়ে পদত্যাগে বাধ্য হওয়া বিচারপতি ফয়সল মাহমুদ ফয়েজীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। উপাচার্য অধ্যাপক এম বদিউল আলম এ তথ্য জানিয়েছেন। শুক্রবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে উপাচার্য বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ফয়েজীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2007, 08:15 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

আল আমিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম চবি প্রতিনিধি চট্টগ্রাম, জুলাই ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সনদ জালিয়াতির দায়ে পদত্যাগে বাধ্য হওয়া বিচারপতি ফয়সল মাহমুদ ফয়েজীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। উপাচার্য অধ্যাপক এম বদিউল আলম এ তথ্য জানিয়েছেন। শুক্রবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে উপাচার্য বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ফয়েজীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে। তিনি ও বিশ্ববিদ্যালয়ের একজন সিন্ডিকেট সদস্য অভিযোগ করে বলেন, বিচারপতি ফয়সল মাহমুদ ফয়েজী তার পদত্যাগের দাবিকে একটি রাজনৈতিক অপপ্রচার বলে মন্তব্য করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে হেয় ও বিতর্কিত করার অপচেষ্টা চালিয়েছিলেন। সিন্ডিকেট ও সিনেট সদস্য হেলাল উদ্দিন নিজামী বলেছেন, "শুধু তার পদত্যাগেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেমে থাকবে না। আমরা তার বিরুদ্ধে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দাখিল করব।" হাইকোর্টের বিচারপতি ফয়েজী গত বৃহস্পতিবার পদত্যাগ করেন। এ ব্যাপারে শুক্রবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম উপাচার্য এম বদিউল আলমের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, "বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী সিন্ডিকেটের সঠিক সিদ্ধান্তে সব জাল সনদধারীর সার্টিফিকেট বাতিল করা হয়েছিল। এখানে কোন রাজনৈতিক অপপ্রয়াস ছিল না। এখন সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ীই বিচারপতি ফয়েজীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দাখিল করা হবে।" হেলাল উদ্দিন নিজামী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তার প্রচলিত আইন অনুসারেই সিন্ডিকেটের সিদ্ধান্তের মাধ্যমে বিচারপতি ফয়েজীর সার্টিফিকেট জাল বলে বাতিল করে। এখানে কোন রাজনৈতিক অপপ্রয়াস বা অন্যকোন প্রভাব ছিল না। তদন্ত কমিটিতে তারসহ আরও অনেক আইনজীবীর সার্টিফিকেট জাল বলে প্রমাণিত হয়েছে। তিনি এটিকে রাজনৈতিক অপপ্রচারের কথা বলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে হেয় ও বিতর্কিত করার চেষ্টা চালিয়েছেন।" প্রসঙ্গত, গত ৩ মার্চ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জালিয়াতির অভিযোগে ফয়জীর সনদ বাতিল করে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ফয়জী ওই বাতিল আদেশের বিরুদ্ধে আদালতে রিট আবেদন করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কমিশনে অভিযোগ দায়ের থেকে বিরত থাকে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএডি/এফআই/এমএইচবি/ ০২০৩ ঘ.