ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিডিআর কর্মকর্তা পরিচয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে ঢোকার চেষ্টার সময় শুক্রবার আব্দুর রব রবি (২৫) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে কারা কর্তৃপক্ষ।
কারা কর্তৃপক্ষের ধারণা ওই যুবক মানসিক ভারসম্যহীন।
লালবাগ থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক শফিকুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আব্দুর রব শুক্রবার বিকেলে পাঁচটার দিকে কারাগারের চকবাজার সংলগ্ন গেট দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে। কারারক্ষীরা তাকে বাধা দিলে রবি নিজেকে বিডিআর কর্মকর্তা পরিচয় দেন। পরে তাকে লালবাগ থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় কারারক্ষী মাজেদ হোসেন বাদি হয়ে লালবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে রবি জানিয়েছে, সে নোয়াখালীর বেগমগঞ্জ থানার চৌমুহনীর হাজী আবুল হাশেমের ছেলে।
কারা উপ-মহাপরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "রবি মানসিক ভারসম্যহীন বলে ধারণা করা হচ্ছে। তবে তার অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তা পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/২১৩৪ ঘ.
bdnews24